Apan Desh | আপন দেশ

‘অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ চাইবে না বাংলাদেশ’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৪৬, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

‘অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ চাইবে না বাংলাদেশ’

ফাইল ছবি, আপন দেশ

বাংলাদেশ তার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে এবং অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ চাইবে না বলে জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। 

সোমবার (২৩ ফেব্রুয়া‌রি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন দেশের দূতদের সঙ্গে বৈঠকের পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা ব‌লেন তি‌নি।

খ‌লিলুর রহমান ব‌লেন, রোববার থেকে আমাদের দেশের বিদেশে নিযুক্ত রাষ্ট্রদূতদের সঙ্গে আমরা বৈঠক শুরু করেছি। আমরা তাদের কাছে আমাদের সরকারের বৈদেশিক নীতির আউটলাইন তুলে ধরেছি। আমাদের মোটো হচ্ছে বাংলাদেশ ফার্স্ট। সবার উপরে থাকবে বাংলাদেশ। 

তি‌নি ব‌লেন, আমরা স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করব, পরস্পরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করব না এবং আমাদের নীতিমালা হবে পারস্পরিক স্বার্থ ও জাতীয় মর্যাদার ওপর ভিত্তি করে। 

আরও পড়ুন<<>>কৃষক কার্ড কীভাবে বিতরণ করা হবে, জানালেন তথ্যমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা প্রতিটি দেশের সঙ্গে পারস্পরিক লাভজনক সম্পর্ক গড়ে তুলতে চাই। এখন পর্যন্ত সৌদি আরব, চীন, ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সঙ্গে সাক্ষাৎ করেছি। আমি লক্ষ্য করেছি যে তারা আমাদের সরকারের প্রতি গভীর আস্থা এবং আমাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রবল ইচ্ছা প্রকাশ করেছেন।

তি‌নি ব‌লেন, আমরা আশা করি, আমাদের অঞ্চলের এবং বিশ্বের অন্যান্য বন্ধু রাষ্ট্রদের সঙ্গে আমরা গভীর সম্পর্ক স্থাপন করতে সক্ষম হব।

খলিলুর রহমান জানান, আমরা স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করব, কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখব। আমাদের সব ইস্যু আমরা পারস্পরিক মর্যাদার ভিত্তিতে সম্মানজনকভাবে সমাধান করব। আগামী দিনে আমরা অত্যন্ত গতিশীল বৈদেশিক নীতি পরিচালনা করতে পারব।

তি‌নি বলেন, এখন পর্যন্ত আমরা সৌজন্যমূলক ও বন্ধুত্বপূর্ণ বৈঠক করেছি। ভবিষ্যতে আমরা স্পেসিফিক বিষয় নিয়ে আলাপ করব, এজন্য কিছুটা সময় প্রয়োজন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়