ছবি : আপন দেশ
শপথ গ্রহণের পর প্রথম কার্যদিবসে দাফতরিক কাজে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় তিনি সচিবালয়ের ১ নম্বর ভবনে অবস্থিত তার নিজ দপ্তরে পৌঁছান।
সচিবালয়ে যাওয়ার পর নতুন প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এরপর রাষ্ট্র পরিচালনার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন তারেক রহমান।
এদিকে, দিনভর নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সাজ সাজ রবের মধ্য দিয়ে সচিবালয়ে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক ও সচিবদের সঙ্গে বিশেষ মতবিনিময়ের প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে।
প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার সদস্যদের বরণ করে নিতে বুধবার সকাল থেকেই সচিবালয় সেজেছিল নতুন সাজে। প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ সম্পন্ন করা হয়েছে এবং করিডোরজুড়ে রাখা হয়েছে সতেজ ফুলের টব।
ইতোমধ্যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নামফলক সরিয়ে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নামফলক বসানো হয়েছে।
আরও পড়ুন : ভুটানের প্রধানমন্ত্রীকে বিদায় জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বুধবারের কর্মসূচির মধ্যে বিকেল ৩টায় প্রধানমন্ত্রী ১ নম্বর ভবনের ৩ তলায় মন্ত্রিপরিষদ কক্ষে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে সভাপতিত্ব করবেন। বৈঠকটি মূলত পরিচিতিমূলক হলেও এখানে সরকারের অগ্রাধিকার বিষয়গুলো নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হতে পারে বলে জানা গেছে। এরপর বিকেল ৪টায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বিশেষ মতবিনিময় সভায় মিলিত হবেন প্রধানমন্ত্রী।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































