Apan Desh | আপন দেশ

বাংলাদেশের মন্ত্রীরা কী কী সুযোগ সুবিধা পায়

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৫:৫২, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশের মন্ত্রীরা কী কী সুযোগ সুবিধা পায়

ছবি: সংগৃহীত

বিএনপি নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভা আর কিছুক্ষণের মধ্যেই ঘোষণা করা হবে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী মিলিয়ে যারা শপথ নেবেন তাদের ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে। এর মধ্যেই সামনে এসেছে—বাংলাদেশে একজন মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীর বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা কী।

প্রধানমন্ত্রীর বেতন-ভাতা

দ্য প্রাইম মিনিস্টারস (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১৬ অনুযায়ী, বাংলাদেশের প্রধানমন্ত্রীর মাসিক বেতন এক লাখ ১৫ হাজার টাকা। এর বাইরে তিনি মাসিক এক লাখ টাকা বাড়ি ভাড়া এবং দৈনিক তিন হাজার টাকা ভাতা পান। প্রধানমন্ত্রী একটি সরকারি বাসভবন পান, যার সজ্জা ও রক্ষণাবেক্ষণের পুরো ব্যয় সরকার বহন করে।

মন্ত্রীর বেতন-ভাতা ও সুবিধা

দ্য মিনিস্টারস, মিনিস্টার অব স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টারস (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১৬ অনুযায়ী, একজন মন্ত্রীর মাসিক বেতন এক লাখ পাঁচ হাজার টাকা। ডেপুটি স্পিকার, বিরোধীদলীয় নেতা এবং চিফ হুইপও একই বেতন পান। মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী—কাউকেই তাদের বেতনের ওপর আয়কর দিতে হয় না।

একজন মন্ত্রী যে সুবিধাগুলো পান: দৈনিক ভাতা ২ হাজার টাকা। নিয়ামক ভাতা মাসিক ১০ হাজার টাকা। স্বেচ্ছাধীন তহবিল ১০ লাখ টাকা। মোবাইল ফোন কেনার জন্য ৭৫ হাজার টাকা। সরকারি খরচে সার্বক্ষণিক গাড়ি; ঢাকার বাইরে সফরের জন্য অতিরিক্ত জিপ। সরকারি খরচে রেল ও বিদেশ ভ্রমণ। বিনা ভাড়ায় সরকারি বাসভবন (গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোনসহ সব খরচ সরকার বহন করবে)। সর্বোচ্চ পাঁচ লাখ টাকা মূল্যের আসবাবপত্র। সরকারি বাসায় না থাকলে বাড়ি ভাড়া বাবদ ৮০ হাজার টাকা এবং অন্যান্য সেবা খাতের বিল। বিমান ভ্রমণে আট লাখ টাকা বীমা সুবিধা। সার্বক্ষণিক নিরাপত্তা প্রহরী।

এছাড়া বাসা-অফিস যাতায়াত ব্যয়, নিজের ও পরিবারের সদস্যদের ভ্রমণ খরচ এবং অন্তত দুইজন গৃহকর্মীর ভ্রমণ ব্যয়ও প্রাপ্য।

দাফতরিক সহায়তার জন্য থাকেন—উপসচিব পদমর্যাদার একজন একান্ত সচিব, সহকারী সচিব পদমর্যাদার একজন সহকারী একান্ত সচিব, ক্যাডারের বাইরে থেকে আরেকজন সহকারী একান্ত সচিব, জাতীয় বেতন স্কেলের দশম গ্রেডের দুইজন কর্মকর্তা। পাশাপাশি একজন জমাদার, একজন আর্দালি, দুইজন এমএলএসএস এবং একজন পাচক বা পিয়ন।

প্রতিমন্ত্রীর বেতন-ভাতা

প্রতিমন্ত্রীর মাসিক বেতন ৯২ হাজার টাকা, যার ওপর কোনো কর প্রযোজ্য নয়।

অতিরিক্ত সুবিধা: দৈনিক ভাতা ১ হাজার ৫০০ টাকা। নিয়ামক ভাতা ৭ হাজার ৫০০ টাকা। স্বেচ্ছাধীন তহবিল সাড়ে ৭ লাখ টাকা। মোবাইল ফোন কেনার জন্য ৭৫ হাজার টাকা। বিনা ভাড়ায় সরকারি বাসভবন ও সংশ্লিষ্ট সব খরচ। সর্বোচ্চ চার লাখ টাকা মূল্যের আসবাবপত্র। সরকারি বাসায় না থাকলে বাড়ি ভাড়া ৭০ হাজার টাকা এবং অন্যান্য বিল।

দাফতরিক সহায়তায় থাকেন উপসচিব পদমর্যাদার একজন একান্ত সচিব, সহকারী সচিব পদমর্যাদার একজন সহকারী একান্ত সচিব, ক্যাডারের বাইরে থেকে একজন সহকারী একান্ত সচিব, দশম গ্রেডের দুইজন কর্মকর্তা, একজন জমাদার, একজন আর্দালি, দুইজন এমএলএসএস ও একজন পাচক বা পিয়ন।

উপমন্ত্রীর বেতন-ভাতা

উপমন্ত্রীর মাসিক বেতন ৮৬ হাজার ৫০০ টাকা, যার ওপরও আয়কর প্রযোজ্য নয়।

সুবিধাগুলো হলো: দৈনিক ভাতা ১ হাজার ৫০০ টাকা। নিয়ামক ভাতা ৫ হাজার টাকা। স্বেচ্ছাধীন তহবিল সাড়ে ৫ লাখ টাকা। মোবাইল ফোন কেনার জন্য ৭৫ হাজার টাকা। বিনা ভাড়ায় সরকারি বাসভবন ও সংশ্লিষ্ট সব খরচ। সর্বোচ্চ চার লাখ টাকা মূল্যের আসবাবপত্র। সরকারি বাসায় না থাকলে বাড়ি ভাড়া ৭০ হাজার টাকা ও অন্যান্য বিল।

দাফতরিক সহায়তায় থাকেন সহকারী সচিব পদমর্যাদার একজন একান্ত সচিব, ক্যাডারের বাইরে থেকে একজন সহকারী একান্ত সচিব, একজন ব্যক্তিগত সহকারী, একজন জমাদার, একজন আর্দালি, একজন এমএলএসএস এবং একজন পাচক বা পিয়ন।

সংসদ সদস্য হিসেবে অতিরিক্ত সুবিধা

মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী যদি সংসদ সদস্য হিসেবেও নির্বাচিত হন, তাহলে তারা সংসদ সদস্য হিসেবে প্রাপ্য অতিরিক্ত বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধাও পান।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement