Apan Desh | আপন দেশ

স্বচ্ছ-অবাধ-অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২১:৩৪, ৫ ফেব্রুয়ারি ২০২৬

স্বচ্ছ-অবাধ-অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন

ছবি : সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি, সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও নির্ভরযোগ্য নির্বাচন দেখার প্রত্যাশা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ইলেকশন অবজারভেশন মিশনের প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস।

ইভার্স ইজাবস বলেন, গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশের সঙ্গে আমাদের যে দৃঢ় সম্পর্ক, ইউরোপীয় ইউনিয়ন তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এখানে কোনও পরামর্শ দিতে বা কোনও কিছু সংশোধন করতে আসিনি। আমাদের মূল কাজ হলো— নির্বাচন পর্যবেক্ষণ করা এবং মিশন শেষে আমাদের পর্যবেক্ষণগুলো তুলে ধরা। 

আরও পড়ুন<<>>সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণে আমূল পরিবর্তনের নির্দেশ প্রধান উপদেষ্টার

তিনি বলেন, আমরা বাংলাদেশের জন্য শুভকামনা জানাচ্ছি। আমরা চাই, আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) একটি স্বচ্ছ, অংশগ্রহণমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হোক।

আলোচনায় অগ্রাধিকার পাওয়া বিষয়গুলো উল্লেখ করে ইভার্স ইজাবস জানান, ইইউ চায় বাংলাদেশে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হোক, যেখানে আইনশৃঙ্খলা বজায় থাকবে। বিশেষ করে নারী ও সংখ্যালঘুসহ সব নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করা তাদের অন্যতম অগ্রাধিকার।

নির্বাচন পর্যবেক্ষণের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, ইতোমধ্যেই আমাদের ৬০ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক দেশের বিভিন্ন প্রান্তে কাজ করছেন। আর পরশু (শনিবার) দিন থেকে আমরা স্বল্পমেয়াদি পর্যবেক্ষকদেরও বিভিন্ন জেলায় পাঠাবো, যারা সরাসরি ভোটকেন্দ্রের পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়