Apan Desh | আপন দেশ

ভোট দিয়ে প্রধানমন্ত্রী বললেন নৌকার জয় হবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:২৪, ৭ জানুয়ারি ২০২৪

আপডেট: ১৩:২৯, ৭ জানুয়ারি ২০২৪

ভোট দিয়ে প্রধানমন্ত্রী বললেন নৌকার জয় হবে

রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে আজ রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টার পরপরই ভোট দিলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেছেন, জনগণের ওপর আমার বিশ্বাস আছে। আওয়ামী লীগের প্রতীক নৌকা মার্কার জয় হবে।

আজ সকাল ৮টার একটু আগেই প্রধানমন্ত্রী সিটি কলেজ প্রাঙ্গণে গিয়ে পৌঁছান। সেখানে তার সঙ্গে ছিলেন ঢাকা-১০ আসনের প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। সিটি কলেজ কেন্দ্রটি ঢাকা-১০ আসনের মধ্যে।

শেখ হাসিনার সঙ্গে তার মেয়ে সায়মা ওয়াজেদ, প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানা ও তার ছেলে রাদওয়ান মুজিব ছিলেন। এ সময় হাস্যোজ্জ্বল প্রধানমন্ত্রী ছবি তোলেন ও কেন্দ্রে দায়িত্বরত ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। সময় শুরুর পরই প্রধানমন্ত্রী ভোটকক্ষে প্রবেশ করেন। তারপর তিনি ভোট দেন। টেলিভিশন চ্যানেলগুলো প্রধানমন্ত্রীর ভোট দেয়া ও বক্তব্য সরাসরি সম্প্রচার করে।

ভোট দেয়ার পর শেখ হাসিনা বলেন, ‘আমরা যে ভোট সুষ্ঠুভাবে করতে পারছি, সে জন্য জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাই।’

বিএনপির ভোটে অংশ না নেয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, বিএনপি একটা সন্ত্রাসী দল। তাদের হরতালের তালে বাংলাদেশের জনগণ নাচে না।

আজ সকাল ৮টা থেকে জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট গ্রহণ শুরু হয়েছে। একজন প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনের ভোট গ্রহণ বাতিল করা হয়েছে। ভোট গ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।

আরও পড়ুন <> দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোট গ্রহণ চলছে, ভোটার উপস্থিতি কম

যে ২৯৯ আসনে ভোট গ্রহণ করা হচ্ছে, তাতে মোট ভোটার ১১ কোটি ৯৩ লাখ ৩৩ হাজার ১৫৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ছয় কোটি পাঁচ লাখ ৯২ হাজার ১৬৯। আর নারী ভোটার পাঁচ কোটি ৮৭ লাখ ৪০ হাজার ১৪০। হিজড়া ভোটারের সংখ্যা ৮৪৮।

নির্বাচন কমিশনের মোট নিবন্ধিত দলের সংখ্যা ৪৪। এর মধ্যে নির্বাচনে অংশ নিচ্ছে ২৮টি রাজনৈতিক দল। বিএনপিসহ নিবন্ধিত বাকি দল এবং আরও কিছু বিরোধী দল নির্বাচন বর্জন করেছে।

এবারের নির্বাচনে মোট প্রার্থী এক হাজার ৯৬৯। এর মধ্যে দলীয় প্রার্থী এক হাজার ৫৩৩ আর স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা ৪৩৬।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য দেশি ২০ হাজার ৭৭৩ জন পর্যবেক্ষককে অনুমোদন দেয়া হয়েছে। আর এ নির্বাচন পর্যবেক্ষণে বিদেশি পর্যবেক্ষক ১১৭ জন। আর আমন্ত্রিত আছেন ৩২ জন। নির্বাচনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ২৪। আর ভোটকক্ষ আছে দুই লাখ ৬০ হাজার ৮৫৮।

আপন দেশ/এমআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়