আগামী ৩ জানুয়ারি থেকে ৮ দিন ভোটের মাঠে থাকবে সশস্ত্র বাহিনী। এর আগে ২৯ ডিসেম্বর সমন্বয় সেল গঠন করা হবে। মাঠচিত্র সংগ্রহ করবে তাদের অগ্রবর্তী টিম। সশস্ত্র বাহিনী বিভাগ থেকে ইসিকে চিঠি দেয়া হয়েছে।
ইসি জানায়, ৩০০ সংসদীয় আসনে আগামী ৩ থেকে মোট ৮ দিন সশস্ত্র বাহিনী নিয়োগের জন্য আদেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ।
যেভাবে পরিচালিত হবে সশস্ত্র বাহিনী-
(ক) সশস্ত্র বাহিনীর সদস্যরা প্রতিটি জেলা/উপজেলা/মেট্রোপলিটন এলাকার নোডাল পয়েন্ট এবং সুবিধাজনক স্থানে নিয়োজিত থাকবে।
(খ) রিটার্নিং অফিসারের সঙ্গে সমন্বয় করে জেলা/উপজেলা/থানায় সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে।
(গ) সশস্ত্র বাহিনীর টিমের সঙ্গে রিটার্নিং অফিসার কর্তৃক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হবে এবং আইন, বিধি ও পদ্ধতিগতভাবে কার্যক্রম গৃহীত হবে।
(ঘ) সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের অনুরোধক্রমে ও সমন্বয়ের মাধ্যমে এলাকাভিত্তিক ডেপ্লয়মেন্ট প্ল্যান (মোতায়েন ছক) চূড়ান্ত করা হবে।
আরও পড়ুন>> ১০ হাজারের বেশি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ
(ঙ) বাস্তবতা ও প্রয়োজনীয়তা অনুযায়ী রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের অনুরোধক্রমে চাহিদা মতো আইনি অন্যান্য কার্যক্রম সম্পাদন করা হবে।
চিঠিতে আরও বলা হয়েছে, ভোটগ্রহণের দিন, তার আগে ও পরে কার্যক্রম গ্রহণ ও মোতায়েনের সময়কালসহ বিস্তারিত পরিকল্পনা শিগগিরই অবহিত করা হবে।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































