Apan Desh | আপন দেশ

ন্যাশনাল ব্যাংকে আমানত ফেরত দেয়া শুরু 

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১২:১১, ১৫ অক্টোবর ২০২৬

আপডেট: ১২:১১, ১৫ অক্টোবর ২০২৬

ন্যাশনাল ব্যাংকে আমানত ফেরত দেয়া শুরু 

ন্যাশনাল ব্যাংকের লোগো

স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমে ফিরেছে ন্যাশনাল ব্যাংক। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থেকে গত চার দিনে আমানত ফেরত চেয়ে আবেদন করা গ্রাহকদের টাকা ফেরত দেয়া শুরু করবে ব্যাংকটি। সাধারণ গ্রাহকেরা চাহিদা অনুযায়ী আমানত তুলতে পারবেন।

আর্থিক সংকটে থাকা ন্যাশনাল ব্যাংক স্বাভাবিক কার্যক্রম চালু রাখতে এরই মধ্যে ৭ হাজার কোটি টাকা তারল্য সহায়তা পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টির বিপরীতে রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংক এ অর্থ ঋণ হিসেবে দিয়েছে। তিন মাস মেয়াদি এ ঋণের সুদহার ১০ শতাংশ।

তবে এ অর্থ ব্যবহারে ন্যাশনাল ব্যাংককে বেশ কিছু শর্ত দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে অন্যতম হলো, এ অর্থ থেকে ব্যাংকটির সাবেক বা বর্তমান কোনো পরিচালকের আমানত ফেরত দেয়া যাবে না। এ ছাড়া এ অর্থ ব্যবহার করে নতুন ঋণও বিতরণ করা যাবে না। গত ১২ অক্টোবর ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো চিঠিতে এসব নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু জাফর গণমাধ্যমকে বলেন, ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনায় পরিবর্তনের পর আমানত উত্তোলনের চাপ কমে এসেছে। আমদানি ব্যবসাও বাড়তে শুরু করেছে। বর্তমানে আমানত জমা ও উত্তোলনের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। বৃহস্পতিবার থেকে গ্রাহকদের চাহিদা অনুযায়ী টাকা ফেরত দেয়া হবে।

আরও পড়ুন<<>>ন্যাশনাল ব্যাংককে আরও ৭ হাজার কোটি টাকা যোগান দিল বাংলাদেশ ব্যাংক

ব্যাংক সূত্রে জানা গেছে, গ্রাহকদের চাহিদা অনুযায়ী আমানত ফেরত দিতে গত ১১ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত আবেদন সংগ্রহ করে ন্যাশনাল ব্যাংক। এ সময়ে প্রায় ১১ হাজার গ্রাহক দুই হাজার কোটি টাকা উত্তোলনের আবেদন করেছেন।

দেশজুড়ে ব্যাংকটির বিভিন্ন শাখা থেকে গ্রাহকদের চাহিদার তথ্য প্রধান কার্যালয়ে পাঠানো হয়। সে অনুযায়ী, প্রধান কার্যালয় থেকে শাখাগুলোতে অর্থ সরবরাহ করা হয়েছে। প্রথম কয়েক দিন আবেদনকারী গ্রাহকদের চলতি ও সঞ্চয়ী হিসাবের টাকা ফেরত দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। পরবর্তী সময়ে ধাপে ধাপে অন্য গ্রাহকদেরও আমানত ফেরত দেয়া হবে। 

আপন দেশ/কেএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়