Apan Desh | আপন দেশ

বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১১:৪৮, ১৫ অক্টোবর ২০২৬

বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

ছবি: আপন দেশ

বিশ্ববাজারে কমতে শুরু করেছে জ্বালানি তেলের দাম। আন্তর্জাতিক বাজারে তেলের দরপতনে স্বস্তির নতুন সম্ভাবনা তৈরি হলেও এর প্রভাব কতটা পড়বে সাধারণ মানুষের জীবনে, তা নিয়ে রয়েছে আগ্রহ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গ্রিনিচ মান সময় রাত ১টা ১৬ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৩৯ ডলার বা ১ দশমিক ৩১ শতাংশ কমে ১০৪ দশমিক ৬৭ ডলারে দাঁড়ায়।

হরমুজ প্রণালীতে জাহাজে হামলার কারণে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা এবং জাহাজে তেল পরিবহনের ব্যয় কমাতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিলের উদ্যোগ এ দুই বিপরীতমুখী পরিস্থিতি বিবেচনায় নিয়েই বিনিয়োগকারীরা লেনদেন করছেন।

একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক শূণ্য ২ ডলার বা ১ দশমিক শূণ্য ৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৪ দশমিক শূণ্য ৭ ডলারে নেমে আসে। এর মধ্য দিয়ে আগের দিনের মূল্যবৃদ্ধির প্রবণতা উল্টে যায়।

আরও পড়ুন <> শনিবারের ছুটি নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন সিদ্ধান্ত

এর আগের লেনদেনে ডব্লিউটিআইয়ের দাম তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরামকোর সদর দফতরে হামলা চালানোর পর তেলের বাজারে উদ্বেগ বাড়ে। 

একই সময়ে ইরান জানায়, হরমুজ প্রণালীতে জাহাজ লক্ষ্যবস্তু করতে এবং তেলের দাম উচ্চপর্যায়ে রাখতে তারা নতুন কৌশল প্রয়োগ করছে।

এদিকে বুধবার সামুদ্রিক পরিবহন কর্মকর্তারা জানান, গত ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালীর কাছে পৃথক দুটি ঘটনায় ক্ষেপণাস্ত্র বা অন্য কোনো নিক্ষিপ্ত বস্তুর আঘাতে একটি কনটেইনারবাহী জাহাজ ও একটি শুকনো পণ্যবাহী জাহাজ ডুবে গেছে।

গত ১০ দিনে হরমুজ প্রণালীর আশপাশে জাহাজে হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ইরানের দাবি, দেশটির বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধ এবং গত মাসে আরোপ করা কঠোর নিষেধাজ্ঞার জবাবে তারা হামলা জোরদার করছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালীতে নিরাপত্তাঝুঁকি বাড়ায় তেল সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। 

তবে জাহাজে তেল পরিবহনের ব্যয় কমাতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিলের উদ্যোগ বাজারে দামের ওপর নিম্নমুখী চাপ তৈরি করেছে। 

ফলে সরবরাহ বিঘ্নের আশংকা ও পরিবহন ব্যয় কমানোর সম্ভাবনার মধ্যে তেলের বাজারে অস্থিরতা অব্যাহত রয়েছে।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়