ছবি: আপন দেশ
সৃষ্টি সুখের উল্লাসে আধমরা নক্ষত্র
আমি ঘুমোতে পারি না,
আমার পোড়া এ দু’চোখে ঘুম আসে না।
চোখ বন্ধ করলেই
নাকের ছিদ্রে প্রবেশ করে স্বপ্ন পোড়ার ঝাঁঝালো ঘ্রাণ,
সে ঝাঁঝ স্নায়ুতন্ত্রে স্বৈরশাসন চালায়,
ভূকম্পনের মতো অস্থির রাখে পরিপাটি বিছানা।
আশ্বাস আর প্রতিশ্রুতি ভাঙার
টন টন ওজনের হাতুড়ি পেটায়
শরীরের প্রতিটি অংশ খুব ভালোভাবে দেখেশুনে।
চোখ বন্ধ করলেই দেখি
কপালে পা তুলে মহিষাসুর আরামে দোল খায়,
বুকে জোরে চেপে বসে
কণ্ঠনালীতে ঠেসে ধরে বিষন্নতার অক্টোপাস;
ঢাকি ঢাক বাজিয়ে জানান দিয়ে যায়
আমি এক অধিকার বঞ্চিত উদ্বাস্তু
নিজেরই বসত ভিটায়।
অনেক ক্লান্তিতে যখন মরার মতো পড়ে থাকি
চোখের সামনে দৃশ্যমান হয়
আমার বিশ্বস্ত কোন এক স্বজন,
অথবা একই বিশ্বাসের অনুসারী প্রেমিক
শ্লীলতাহানির অট্টহাস্যে শেষ বিশ্বাসটুকুও কেড়ে নেয়।
খেয়ালি ঈশ্বরের আদুরে আঙ্গুল
বুজে আসা চোখ
নিষ্ঠুরতায় ফাঁক করে বলে যায়,
‘সত্যের পারদ গিললে ঘুমোতে নেই,
তুমি বরং অবিশ্রান্ত বিপ্লবের আয়োজন কর,
এ সভ্যতাকে দিয়ে যাও যৌবনের আলিঙ্গন;
না হয় এমনি করে কাটুক সহস্র রজনী
দুঃসহ অনিদ্রায়!’
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































