ছবি : আপন দেশ
ইতালিতে হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। পরে প্রতিকার চেয়ে স্থানীয় থানায় অভিযোগও করেছেন।
সোমবার (০৭ সেপ্টেম্বর) রাতে ভেনিসে এ ঘটনা ঘটে।
একদল প্রবাসী তাকে লক্ষ্য করে ‘পানি ও পচা ডিম’ নিক্ষেপ করেন বলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে এসে জানান তিনি।
আরও পড়ুন: পূজা চেরীর বিয়ের গুঞ্জন, জানা গেল তারিখ
বাঁধনের অভিযোগ, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন সমর্থনের কারণে ভেনিস আওয়ামী লীগ ও ছাত্রলীগের পরিচয়দানকারী কয়েকজন নেতাকর্মী এ ঘটনা ঘটিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বেশকিছু ভিডিওতে দেখা যায়, একদল ব্যক্তি নিজেদের ছাত্রলীগকর্মী দাবি করে বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ হিসেবে আখ্যায়িত করছেন। এ ছাড়া বাঁধনের ওপর চড়াও হওয়ার চেষ্টা করছেন।
ঘটনার সময় তার ভাইয়ের ছোট সন্তানও সঙ্গে ছিল জানিয়ে বাঁধন বলেন, হামলার ঘটনায় শিশুটি ভয় পেয়ে চিৎকার করছিল।
তার ফোন কেড়ে নিয়ে ফেলে দেয়া এবং কানের পাশে আঘাত করারও অভিযোগ করেন এই অভিনেত্রী। তিনি বলেন, হামলাকারীরা তাকে ‘জুলাইযোদ্ধা’ বলে অভিহিত করেছে। এর জবাবে তিনি বলেন, আমি অবশ্যই জুলাইযোদ্ধা। জুলাইয়ে আন্দোলনে অংশগ্রহণ করেছি।
হামলাকারীরা নিজেদের ‘বঙ্গবন্ধুর সৈনিক’ হিসেবে পরিচয় দিয়েছিল দাবি করে বাঁধন আরও বলেন, তাকে জোর করে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে বলা হয়। এ সময় তারা ঘটনাটি ভিডিও ধারণ ও লাইভ করছিল বলেও অভিযোগ করেন তিনি।
ঘটনার ভয়াবহতা তুলে ধরে বাঁধন বলেন, আমাকে দমানো সহজ নয়। আমার মনে হয়েছিল, আজকে আমাকে মেরে ফেলতে পারে।
প্রত্যক্ষদর্শীদের মতে, ভেনিস চলচ্চিত্র উৎসব প্রাঙ্গণে বাঁধনের উপস্থিতিকে কেন্দ্র করে রাজনৈতিক স্লোগান ও বাগবিতণ্ডার একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং তাকে লক্ষ্য করে পানি ও কোল্ডড্রিংকস ছুড়ে মারা হয়।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































