Apan Desh | আপন দেশ

ভোলা চার-পাঁচ বছরের মধ্যে সড়কপথে যুক্ত হবে: নৌমন্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:৫০, ৮ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৮:৫৩, ৮ সেপ্টেম্বর ২০২৬

ভোলা চার-পাঁচ বছরের মধ্যে সড়কপথে যুক্ত হবে: নৌমন্ত্রী

ছবি : আপন দেশ

দ্বীপ জেলা ভোলাকে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে মূল ভূখণ্ডের সঙ্গে স্থলপথে যুক্ত করা হবে। এ তথ্য জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কাঁচপুরে ‘ঢাকা-ইলিশা ফেরি সার্ভিস’ উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

শেখ রবিউল আলম বলেন, দীর্ঘদিন ধরে ভোলা মূল ভূখণ্ড থেকে অনেকটা বিচ্ছিন্ন। স্থলপথে যুক্ত করার উদ্যোগের পাশাপাশি জনগণের যোগাযোগের সুবিধার্থে পরীক্ষামূলকভাবে ফেরি সার্ভিস চালু করা হয়েছে। বর্তমানে এ রুটে দুটি ফেরি চলাচল করছে।

তিনি বলেন, পরীক্ষামূলকভাবে কয়েকদিন চলাচলের পর দেখা গেছে, যাত্রী, ব্যক্তিগত গাড়ি, পিকআপ ও পণ্যবাহী ট্রাকসহ মানুষের মধ্যে এ রুট নিয়ে ব্যাপক আগ্রহ রয়েছে। তাই ফেরির সংখ্যা বাড়ানো, সেবার মান উন্নয়ন, শৃঙ্খলা নিশ্চিত এবং যৌক্তিক ভাড়া নির্ধারণের বিষয়ে আলোচনা চলছে।

ঢাকার চক্রাকার নৌরুট ও ওয়াটার বাস সার্ভিসকে আরও যাত্রীবান্ধব করার উদ্যোগ নেয়া হচ্ছে বলেও জানান নৌপরিবহন মন্ত্রী। নির্দিষ্ট সময়ে যাত্রা, আরামদায়ক পরিবেশ এবং নৌপথের সঙ্গে সড়ক যোগাযোগ নিশ্চিত করা গেলে এসব রুট আরও জনপ্রিয় হবে। লোকসান কমানো সম্ভব হবে বলে মন্তব্য করেন তিনি।

সড়ক যোগাযোগের বিষয়ে শেখ রবিউল আলম বলেন, বর্ষা ও বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কগুলো সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি সেতুর আশপাশে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে। নিয়মবহির্ভূতভাবে বালু উত্তোলন হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, মানুষের চাহিদাকে গুরুত্ব দিয়ে নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও জনবান্ধব যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।

আরও পড়ুন <<>>‘জুলাই যোদ্ধার ওপর হামলা মানে গণতন্ত্রের ওপর হামলা’

অনুষ্ঠানে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এ টি এম আব্দুল বারীসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দক্ষিণাঞ্চলের উন্নয়নে সমতা আনার লক্ষ্যে গত ২৭ আগস্ট থেকে কাঁচপুর-ইলিশা নৌপথে পরীক্ষামূলকভাবে ফেরি সার্ভিস চালু হয়। বর্তমানে ‘বেগম সুফিয়া কামাল’ ও ‘বেগম রোকেয়া’ নামের দু’টি ফেরি প্রতিদিন উভয় প্রান্ত থেকে চলাচল করছে। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে সময় লাগছে প্রায় আট ঘণ্টা।

সরাসরি এ ফেরি সার্ভিস চালুর ফলে ভোলার পণ্য ও যাত্রী পরিবহন সহজ হওয়ার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়