ফাইল ছবি
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে করা মামলায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে জামিন দিয়েছেন হাইকোর্ট। রোববার (০১ নভেম্বর) বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
এর আগে একই মামলায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করেছিলেন আখতারুজ্জামান। গত ২৬ অক্টোবর শুনানি শেষে আদালত তার আবেদন নামঞ্জুর করেন।
আরও পড়ুন<<>>সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর আব্দুল হাফিজ গ্রেফতার
এর আগে গত ০৪ অক্টোবরও এ মামলায় তার জামিন আবেদন খারিজ হয়েছিল। সেদিন এক দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হলে আইনজীবীরা জামিনের আবেদন করেন। তবে আদালত আবেদনটি নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার অভিযোগ অনুযায়ী, গত ০১ অক্টোবর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি ব্যবস্থাপনা নিয়ে বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা এবং দায়িত্ব পালনরত এক নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনা ঘটে। এসব ঘটনায় আখতারুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ ওঠে। পরে ০২ অক্টোবর তাকে গ্রেফতার করা হয়। বিমানবন্দর থানায় মামলাটি করেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব।
গ্রেফতারের পর মামলার তদন্ত কর্মকর্তা তাকে পাঁচ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































