ছবি: আপন দেশ
পোশাকশ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন করা হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (০১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ কথা জানান তিনি।
শ্রমমন্ত্রী বলেন, শ্রম আইন অনুযায়ী ছয় সদস্যবিশিষ্ট নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার। রোববার থেকেই এ বোর্ড কার্যকর হচ্ছে।
আরিফুল হক চৌধুরী বলেন, দ্রুততম সময়ের মধ্যে বোর্ডের সভা অনুষ্ঠিত হবে এবং সেখানে আলোচনা করে শ্রমিকদের নিম্নতম মজুরির বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। আশা করি, শ্রমিকরা এখন রাজপথের আন্দোলন ছেড়ে নিজ নিজ প্রতিষ্ঠানে ফিরে গিয়ে কাজে যোগ দেবেন।
আরও পড়ুন<<>>পোশাক শ্রমিকদের অবরোধে অচল মিরপুর
এর আগে, শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে রোববার মজুরি বোর্ড গঠন করার বিষয়টি জানিয়েছিলেন শ্রমমন্ত্রী। বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিকেএমইএ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানিয়েছিলেন তিনি।
শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, শ্রমিকদের অন্যতম প্রধান দাবি ছিল নতুন মজুরি বোর্ড গঠন। সরকার ও পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ এ বিষয়ে একমত হয়েছে। শ্রমিক প্রতিনিধিরাও তাদের মনোনীত সদস্যদের নাম জমা দিয়েছেন। আজকের মধ্যেই বোর্ড গঠনের প্রজ্ঞাপন জারি হবে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































