Apan Desh | আপন দেশ

শ্রমিক অসন্তোষে গাজীপুরে বিজিবি মোতায়েন

গাজীপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১১:১৫, ১ নভেম্বর ২০২৬

শ্রমিক অসন্তোষে গাজীপুরে বিজিবি মোতায়েন

ছবি: আপন দেশ

বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবি ঘিরে চলমান শ্রম অসন্তোষের মধ্যে গাজীপুরের বিভিন্ন এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

পোশাক শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, বিক্ষোভ ও পুলিশ-শ্রমিক সংঘর্ষের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রোববার (১ নভেম্বর) আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ পদক্ষেপ নেয়া হয় বলে বাহিনীর জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম জানিয়েছেন।

তিনি বলেন, আজ থেকে গাজীপুরে বিজিবি মোতায়েন করা হয়েছে। এরইমধ্যে তারা চলে এসেছে। আপাতত পাঁচ প্লাটুন থাকার কথা রয়েছে। তবে আমরা শুধু বিজিবি মোতায়েনের কথা জানিয়েছি। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় সংখ্যক বিজিবি মোতায়েন থাকবে। তারা গাজীপুরের কোনাবাড়ী, সফিপুর, কালিয়াকৈরসহ আশপাশের এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প পুলিশের সঙ্গে কাজ করবে।

এদিকে, ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে আবারও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

রোববার সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর এলাকায় মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। 

আরও পড়ুন <> পোশাক শ্রমিকদের অবরোধে অচল মিরপুর

জানা গেছে, সকালে শ্রমিকরা কারখানায় কাজে যোগ দেন। পরে সেখান থেকে বের হয়ে মহাসড়কে অবস্থান নেন তারা। শ্রমিকদের আন্দোলনের কারণে আশপাশের ৮ থেকে ১০টি কারখানা ছুটি ঘোষণা করে।

এরপর হাজার হাজার শ্রমিক মহাসড়কে অবস্থান নেন। এসময় অনেক শ্রমিকের হাতে লাঠিসোঁটা দেখা যায়। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

পুলিশ, কারখানার শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা জানান, গত দুই সপ্তাহ ধরে গাজীপুরের কোনাবাড়ী, মৌচাক ও সফিপুরসহ বিভিন্ন এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। 

এর মধ্যে শ্রমিকদের বেতন বাড়ানোর জন্য নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এরপরও বিভিন্ন কারখানায় শ্রমিক অসন্তোষ অব্যাহত রয়েছে।

তারা আরও জানান, গতকাল দুপুর থেকে রাত পর্যন্ত শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রাখেন। রাতে সড়ক ছেড়ে দিলেও রোববার সকাল থেকে আবারও মহাসড়কে অবস্থান নেন তারা।

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, শ্রমিকরা আজও সকাল থেকে মহাসড়কে অবস্থান নিয়েছেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়