Apan Desh | আপন দেশ

রাজপথে নয়, রাজনীতির কেন্দ্র হোক সংসদ: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:০৯, ১ নভেম্বর ২০২৬

আপডেট: ১৩:৪৩, ১ নভেম্বর ২০২৬

রাজপথে নয়, রাজনীতির কেন্দ্র হোক সংসদ: রাষ্ট্রপতি

ছবি: আপন দেশ

রাজনীতি রাজপথের পরিবর্তে সংসদকেন্দ্রিক হওয়া উচিত বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার পর সংসদীয় রাজনীতিকে কার্যকরভাবে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

রোববার (০১ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় যুব দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ কথা বলেন।

তিনি বলেন, আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদী শক্তিকে সরিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা হয়েছে। এখন রাজপথের পরিবর্তে সংসদকেন্দ্রিক রাজনীতির চর্চা করতে হবে এবং অর্জিত সুযোগকে কাজে লাগাতে হবে।

রাষ্ট্রপতি আরও বলেন, শুধু রাজনৈতিক বিপ্লবের মাধ্যমে দেশের সার্বিক পরিবর্তন সম্ভব নয়। দেশকে এগিয়ে নিতে হলে নতুন করে দেশ গড়ার কাজে মনোযোগ দিতে হবে। এ ক্ষেত্রে যুবসমাজকে সামনে এগিয়ে আসতে হবে।

যুবসমাজকে কর্মমুখী করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে তরুণদের হাতে দেশের উন্নয়নের চালিকাশক্তি তুলে দিতে হবে। যুবসমাজকে কীভাবে দেশের কাজে সম্পৃক্ত করা যায়, সেটিই সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ।

আরও পড়ুন <> পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন

শিক্ষাব্যবস্থা প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, দেশের শিক্ষাব্যবস্থাকে সময়োপযোগী ও কর্মসংস্থানমুখী করতে হবে। শিক্ষিত ও দক্ষ জনশক্তি বিদেশে পাঠাতে পারলে আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করা সম্ভব। এ লক্ষ্যে সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, বেকারত্বের হতাশা থেকে মাদকের ভয়াবহতা বাড়ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে কার্যকর উদ্যোগ নিতে হবে।

সমাজের সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে যুবসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, সামাজিক অনিয়ম ও নেতিবাচক কর্মকাণ্ডের বিরুদ্ধে তরুণদের আন্দোলন গড়ে তুলতে হবে।

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়