ছবি : সংগৃহীত
সৌদি আরবে থাকা বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্ট সেবায় এসেছে নতুন নির্দেশনা। বিপুলসংখ্যক আবেদন ও তথ্য যাচাইয়ের কারণে সেবা নিতে গিয়ে তৈরি হচ্ছে চাপ ও অপেক্ষা।
এমন পরিস্থিতিতে প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু নিয়ম ও সতর্কতার কথা জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।
দূতাবাসের এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাম্প্রতিক সময়ে দূতাবাসে ই-পাসপোর্ট সেবাপ্রার্থীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর ফলে দূতাবাস চত্বর ও আশপাশের এলাকায় অতিরিক্ত ভিড় ও শৃঙ্খলাজনিত সমস্যা তৈরি হচ্ছে। এ পরিস্থিতিতে সৌদি কর্তৃপক্ষের অনুরোধের পরিপ্রেক্ষিতে নতুন ব্যবস্থা নেয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (০৯ সেপ্টেম্বর) থেকে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কোনো আবেদনকারীর ই-পাসপোর্টের বায়োমেট্রিক গ্রহণ করা হবে না। বায়োমেট্রিক দেয়ার আগে দূতাবাসের নির্ধারিত প্রক্রিয়ায় অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।
আরও পড়ুন : মায়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো প্লেন বিধ্বস্ত, নিহত ৫
এজন্য দূতাবাস আবেদনকারীদের নির্ধারিত অনলাইন লিংকের (https://passportriyadh.com/appointment) মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণের অনুরোধ জানিয়েছে।
তবে যেসব প্রবাসীর ই-পাসপোর্টের আবেদন ইতোমধ্যে নির্দিষ্ট তারিখ ও সময়সহ গ্রহণ করা হয়েছে, তারা পূর্বনির্ধারিত সময় অনুযায়ী দূতাবাসে উপস্থিত হয়ে সেবা নিতে পারবেন।
দূতাবাসের পক্ষ থেকে সেবাপ্রার্থীদের নির্ধারিত নিয়ম মেনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসার আহবান জানানো হয়েছে, যাতে অতিরিক্ত ভিড় এড়িয়ে সুশৃঙ্খলভাবে ই-পাসপোর্টের বায়োমেট্রিক কার্যক্রম সম্পন্ন করা যায়।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































