প্রতীকী ছবি
রাজধানীর ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ডাকাত দলের নয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের মধ্যে তিনজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য রয়েছেন।
রোববার (০৬ সেপ্টেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতাররা হলো— তানভীর আবেদীন (জুই) (৪১), মো. মজিবুর রহমান (৬০), মো. জাকির হোসেন ওরফে ক্যাপ্টেন জাকির (৬০), মো. সোলায়মান মৃধা (৫৫), মোহাম্মদ কবির হোসেন (৫০), আবুল কালাম আজাদ (৫০), মো. জাকারিয়া হোসেন ওরফে লেলিন (৪০) ও সজল চৌধুরী (৩১)।
ফারুক হোসেন বলেন, গত ৩০ আগস্ট দুপুর ২টা ১০ মিনিটের দিকে ধানমন্ডি মডেল থানাধীন ১২/এ নম্বর সড়কে ডিঙ্গী রেস্টুরেন্টের সামনে ডাকাতি হয়। মো. খোরশেদ আলম (৫০) নামে এক ব্যক্তির কাছ থেকে অস্ত্রের মুখে ৩৮ লাখ টাকা ডাকাতি করে ৮-১০ জনের একটি দল।
তিনি বলেন, ডাকাতরা টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ ও স্থানীয় জনগণের সহায়তায় ডাকাত দলের সদস্যদের আটক করা হয়। এসময় তানভীর আবেদীন ও মো. মজিবুর রহমান আটক হন। তাদের কাছ থেকে ৪ রাউন্ড গুলিসহ একটি দেশীয় তৈরি রিভলবার উদ্ধার করা করা হয়।
আরও পড়ুন <<>> ঢামেকে ২ কারাবন্দির মৃত্যু
গ্রেফতার মজিবুর রহমানের তথ্যের ভিত্তিতে দক্ষিণখান থানা এলাকায় অভিযান পরিচালনা করে জাকির হোসেন ওরফে ক্যাপ্টেন জাকিরকে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেফতারদের দেয়া তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ডাকাত চক্রের আরও পাঁচ সদস্য গ্রেফতার করা হয়।
ফারুক হোসেন বলেন, অভিযানে মো. জাকারিয়া হোসেন ওরফে লেলিনের কাছ থেকে লুণ্ঠিত ৩ লাখ ৪৫ হাজার ৩৫০ টাকা এবং সজল চৌধুরীর কাছ থেকে ২ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। সর্বমোট ৫ লাখ ৭৫ হাজার ৩৫০ টাকা উদ্ধার করে জব্দ করা হয়েছে।
পলাতক ও অজ্ঞাতনামা ডাকাত সদস্যদের গ্রেফতার এবং লুণ্ঠিত টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এ সংক্রান্তে ধানমন্ডি মডেল থানায় একটি ডাকাতি মামলা এবং একটি অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































