Apan Desh | আপন দেশ

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১০:০৫, ৭ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১০:০৭, ৭ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১

ফাইল ছবি

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে সাগর খান ইমরান (৪০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। রোববার (০৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ধলপুর সরদার গলি এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় ইমরান ও জাকারিয়াকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে রাত ১২টা ৭ মিনিটে চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন।

আহত জাকারিয়া জানিয়েছেন, উত্তর ধলপুরে ৬-৭ জন হেলমেট পরিহিত সন্ত্রাসী ‘ইমরান দৌড় দিবি না’ বলে এক যুবককে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোড়ে, সেই গুলিতে সম্ভবত ওই যুবক মারা যান। একটি গুলি এসে তার পায়ে বিদ্ধ হয়। তিনি আরও বলেন, তারা ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল নিয়ে যায়। 

আরও পড়ুন<<>>রাজধানীতে সন্ত্রাসীর ছুরিকাঘাতে প্রবাসী নিহত

আহত জাকারিয়ার স্ত্রী ঝিনুক আক্তার জানান, ধলপুর সরদার গলি এলাকায় তার স্বামীর একটি রিকশার গ্যারেজ রয়েছে। রোববার রাতে গ্যারেজের সামনে ইমরানসহ তার স্বামী বসে ছিলেন। এ সময় হেলমেট পরা ৭-৮ জন দুর্বৃত্ত চারটি মোটরসাইকেলে করে এসে তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে ইমরান ও জাকারিয়া গুলিবিদ্ধ হন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে জানান, নিহত ইমরানের মাথায় গুলি লেগেছিল। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। গুলিবিদ্ধ জাকারিয়ার জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

তিনি আরও বলেন, ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে। তবে কী কারণে এবং কারা এ হামলা চালিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়