ছবি : সংগৃহীত
রাশিয়া-ইউক্রেনের মধ্যে পাল্টাপাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় একদিনে অন্তত ২২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রাশিয়ায় ১৫ জন এবং ইউক্রেনে ১১ জন রয়েছেন। এ ছাড়াও আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ।
উভয় দেশই একে অপরের বেসামরিক এলাকায় হামলার অভিযোগ তুললেও বেসামরিক জনগণকে লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছে।
রুশ প্রশাসনের তথ্য অনুযায়ী, সোমবার (০৩ আগস্ট) ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় ক্রাসনোদার, বেলগোরোদ ও ক্রিমিয়ায় প্রাণহানির ঘটনা ঘটে।
রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কন্দ্রাতিয়েভ জানান, গেলেন্দঝিক জেলার পর্যটন এলাকা আরখিপো-ওসিপোভকায় ড্রোন হামলায় তিন শিশুসহ সাতজন নিহত এবং প্রায় ৪০ জন আহত হয়েছেন। একই দিনে কৃষ্ণ সাগরের উপদ্বীপ ক্রিমিয়ায় পৃথক হামলায় চারজন নিহত ও দুজন আহত হন।
এ ছাড়া ইউক্রেন সীমান্তঘেঁষা বেলগোরোদ অঞ্চলে ড্রোন হামলায় আরও চারজন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন।
অন্যদিকে সোমবার ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের কৃভি রিহ জেলায় একটি পেট্রোল স্টেশনে রুশ বিস্ফোরকবাহী ড্রোন আঘাত হানে। এতে একজন জরুরি পরিষেবাকর্মী ও তার আট বছর বয়সী ছেলেসহ তিনজন নিহত হন।
আরও পড়ুন : বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের গভর্নর ওলেক্সান্দর হানঝা টেলিগ্রামে জানান, হামলার পর পেট্রোল স্টেশনে আগুন ধরে যায় এবং আশপাশের এলাকায়ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সোমবার রাতেই জাপোরিজ্জিয়া অঞ্চলে রুশ বাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দুই শিশুসহ আরও আটজন নিহত হয়েছেন।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































