ছবি : সংগৃহীত
ভারতের সিকিম রাজ্যের নামচি জেলায় জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণাধীন একটি সুড়ঙ্গে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে মৃতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) পর্যন্ত উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের ভেতর থেকে ২২ শ্রমিকের মরদেহ উদ্ধার করেছেন। এখনো নিখোঁজদের খুঁজে বের করতে অভিযান চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল।
এর আগে সোমবার (২০ জুলাই) দুপুরের কিছুক্ষণ পর নির্মাণাধীন সুড়ঙ্গের ভেতরে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিলার ভেতরে জমে থাকা দাহ্য গ্যাস বেরিয়ে এসে বিস্ফোরণের সৃষ্টি করে। বিস্ফোরণের পর মুহূর্তেই সুড়ঙ্গ ধসে পড়ে এবং বিষাক্ত ধোঁয়ায় ভরে যায় পুরো এলাকা। সে সময় ভেতরে ২৫ শ্রমিক কাজ করছিলেন। তারা সবাই সুড়ঙ্গের গভীরে আটকা পড়েন।
রাজ্য সরকারের এক কর্মকর্তা জানান, বিশেষজ্ঞ উদ্ধারকারী দল, প্রশাসন এবং সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। সুড়ঙ্গের ভেতরের প্রতিকূল পরিবেশ, ধসে পড়া পাথর এবং বিষাক্ত গ্যাসের কারণে অভিযান অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তারপরও নিখোঁজদের খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।
সিকিম সরকারের পক্ষ থেকে জানানো হয়, পুরো পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে এবং উদ্ধারকাজে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করতে প্রশাসন কাজ করছে।
এ পর্যন্ত উদ্ধার হওয়া লাশগুরোর মধ্যে আটজনের পরিচয় নিশ্চিত করা গেছে। তাদের মধ্যে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার চারজন রয়েছেন। এ ছাড়া পাঞ্জাব, উত্তরাখণ্ড, আসাম ও সিকিমের একজন করে শ্রমিকের পরিচয় শনাক্ত হয়েছে।
আরও পড়ুন : কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ: জাতিসংঘে ভারতে
ঝাড়খণ্ডের বিভিন্ন জেলার কয়েকজন শ্রমিকও ওই প্রকল্পে কাজ করছিলেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































