ছবি : আপন দেশ
আজ ২৮ ফেব্রুয়ারি, শনিবার জাতীয় ডায়াবেটিস সচেতনতা দিবস। ডায়াবেটিস রোগ সম্পর্কে সচেতনতা তৈরি, প্রতিরোধ এবং সুস্থ জীবনযাপন সম্পর্কে জনসাধারণকে সচেতন করে গড়ে তুলতে প্রতি বছর ২৮ ফেব্রুয়ারি পালিত হয় দিবসটি। এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য- ‘ডায়াবেটিসকে জানুন, ব্যবস্থা নিন’।
১৯৫৬ সালের ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ ডায়াবেটিক সমিতি প্রতিষ্ঠা হয়। ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতন করে তুলতেই বাংলাদেশ ডায়াবেটিক সমিতি তার প্রতিষ্ঠা দিবসকে ডায়াবেটিক সচেতনতা দিবস হিসেবে পালনের উদ্যোগ নেয়। সমিতিটির ৭০তম প্রতিষ্ঠা দিবসও এদিন।
দিবসটি পালন উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি (বাডাস) আলোচনা সভা, শোভাযাত্রা ও বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষাসহ দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে- শনিবার সকাল সাড়ে ৮টায় সচেতনতামূলক শ্লোগান সংবলিত প্লাকার্ড হাতে অবস্থান (রোডশো), বারডেমের পাশে ওভারব্রিজের নিচ থেকে টেনিস ক্লাবের গেট পর্যন্ত হবে এ কর্মসূচি। সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত বারডেম ক্যাম্পাস এবং এনএইচএন ও বিআইএইচএস-এর বিভিন্ন কেন্দ্র সংলগ্ন স্থানে বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয় ও চিকিৎসকের পরামর্শ কর্মসূচি আয়োজন করা হবে। সকাল ৯ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে (৪র্থ তলা) অনুষ্ঠিত হবে হৃাসকৃতমূল্যে হার্ট ক্যাম্প। পাশাপাশি বেলা ১১টায় বারডেম অডিটোরিয়ামে (৩য় তলা) বিশেষজ্ঞ চিকিৎসক ও রোগীদের মধ্যে আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন<<>>আজ মহান শহীদ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
বেলা সাড়ে ১২ টায় বারডেম অডিটোরিয়ামে (৩য় তলা) দিবসটির মূল আলোচনাসভা অনুষ্ঠিত হবে। সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ডায়াবেটিক সমিতির ন্যাশনাল কাউন্সিল সদস্য অধ্যাপক ইমেরিটাস ডা. হাজেরা মাহতাব। বক্তব্য রাখবেন সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন, বারডেমের মহাপরিচালক অধ্যাপক মির্জা মাহবুবুল হাসান। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বারডেম একাডেমির পরিচালক অধ্যাপক মো.ফারুক পাঠান।
ডায়াবেটিসের ঝুঁকি এড়াতে সমিতির পক্ষ থেকে ফাস্টফুড পরিহার, নিয়মিত হাঁটাচলা এবং ব্যায়ামের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও সক্রিয় জীবনযাপন ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সমিতির তথ্য অনুযায়ী, ১৯৮৫ সালে বিশ্বে ডায়াবেটিস রোগীর সংখ্যা ছিল প্রায় তিন কোটি। গত তিন দশকে এ সংখ্যা প্রায় ১২ গুণ বেড়েছে। যথাযথ প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করা না হলে ২০৩০ সালের মধ্যে বিশ্বে আক্রান্তের সংখ্যা ৫৫ কোটিতে পৌঁছাতে পারে। দেশে বর্তমানে প্রায় কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত বলে ধারণা করা হয়।
আপন দেশ/জেডআই




































