Apan Desh | আপন দেশ

এআই না জানলে টিকে থাকা অসম্ভব: ইবি উপাচার্য

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৬

এআই না জানলে টিকে থাকা অসম্ভব: ইবি উপাচার্য

ছবি : আপন দেশ

এআই প্রযুক্তির ব্যবহারের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করতে না পারলে বিশ্ববাজারে টিকে থাকা অসম্ভব বলে মন্তব্য করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের উদ্যোগে আয়োজিত একটি কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মতিনুর রহমান বলেন, বর্তমান সময় নিঃসন্দেহে অত্যন্ত প্রতিযোগিতামূলক এবং চ্যালেঞ্জিং একটি সময়। বিশেষ করে বিজ্ঞানের উদ্ভাবন এমন একটি পর্যায়ে পৌঁছেছে, যেখানে মানুষ ম্যানুয়াল ও ট্র্যাডিশনাল সিস্টেমের বাইরে গিয়ে এআই প্রযুক্তিকে অনেক বেশি উদ্ভাবনী কাজে ব্যবহার করছে।

তিনি বলেন, আমি চ্যালেঞ্জিং বলছি এ কারণে, এ জায়গায় একজন শিক্ষার্থী হিসেবে এআই প্রযুক্তির ব্যবহারের সঙ্গে যদি নিজেকে সম্পৃক্ত করতে না পারি, তাহলে প্রতিযোগিতায় আমাদের পক্ষে টিকে থাকা অত্যন্ত অসম্ভব হয়ে পড়বে।

তিনি আরও বলেন, আমাদের একটি জিনিস মাথায় রাখতে হবে যে ইসলামী বিশ্ববিদ্যালয়ই একমাত্র বিশ্ববিদ্যালয় নয়। বাংলাদেশে পাবলিক ও প্রাইভেট মিলে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বিস্তৃত। এখানে নিজেদের মধ্যে যেমন একটি প্রতিযোগিতার ক্ষেত্র আছে, একই সঙ্গে দেশের বাইরেও অর্থাৎ গ্লোবাল প্লেস কনটেক্সটেও আমাদের প্রতিযোগিতায় নামতে হবে। সুতরাং সেদিক থেকেও নিজেদের দক্ষ ও পেশাদার হিসেবে তৈরি এবং গড়ে তোলার ক্ষেত্রে এর বিকল্প আর কিছু আমাদের সামনে থাকবে না।

আরও পড়ুন <<>> গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ

শ্রেণিকক্ষের পাঠদানের পাশাপাশি শ্রেণিকক্ষের বাইরে শিক্ষার্থীদের ক্যারিয়ার বিল্ডআপের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেয়ার আহবান জানিয়ে ইবি উপাচার্য বলেন, পারিপার্শ্বিক এবং প্র্যাকটিক্যাল জীবনে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেগুলোর সঙ্গে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা এবং তাদের মেধা বিকাশের ক্ষেত্রে অনেকগুলো পথ উন্মুক্ত করে দেয়ার সুযোগ করে দিতে হবে। যাতে আমাদের শিক্ষার্থীরা নিজেদের দক্ষ এবং পেশাদার হিসেবে গড়ে তুলতে সক্ষম হয়। এজন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যে সহযোগিতা করা দরকার, ইনশাআল্লাহ আমরা সেটা সবসময় করব।

কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) উপাচার্য অধ্যাপক ড. এবিএম শওকত আলী, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শামীম রেজা এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়