ছবি: আপন দেশ
চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির ফল প্রকাশ করা হয়েছে। এতে প্রথম ধাপে ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন শিক্ষার্থী বিভিন্ন কলেজে ভর্তির জন্য আসন বরাদ্দ পেয়েছেন।
তবে আসন বরাদ্দ পাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়ন না করলে তাদের নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে। ফলে একাদশে ভর্তির সুযোগ পেয়েও সামান্য ভুলে ভর্তি থেকে বঞ্চিত হতে পারেন শিক্ষার্থীরা।
নির্বাচিত শিক্ষার্থীদের করণীয় কী : বোর্ডের তথ্য অনুযায়ী, প্রথম ধাপের ফল প্রকাশের পর থেকে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টা পর্যন্ত নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চায়নের সুযোগ থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।
নিশ্চায়ন করতে হবে যেভাবে : নির্বাচিত হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে ৩৪০ টাকা নিশ্চায়ন ফি পরিশোধ করে নির্বাচন নিশ্চিত করতে হবে। নিশ্চায়নের জন্য প্রথমে একাদশ শ্রেণির ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে নিজের প্রোফাইলে লগইন করতে হবে। এরপর ‘নিশ্চায়ন’ বা ‘Confirmation’ অপশনে গিয়ে নির্দেশনা অনুসরণ করে ফি পরিশোধ করতে হবে।
ফি পরিশোধের ক্ষেত্রে ওয়েবসাইটে প্রদর্শিত অনুমোদিত পেমেন্ট মাধ্যম ব্যবহার করতে হবে। পেমেন্ট সম্পন্ন হওয়ার পর ট্রানজেকশন আইডি ও এসএমএস সংরক্ষণ করা জরুরি। এরপর প্রোফাইলে গিয়ে ‘নিশ্চায়ন সম্পন্ন’ হয়েছে কি না নিশ্চিত করতে হবে।
টাকা কেটে নেয়ার পরও যদি সঙ্গে সঙ্গে নিশ্চায়নের স্ট্যাটাস আপডেট না হয়, তাহলে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। কিছুক্ষণ পর আবার লগইন করে স্ট্যাটাস যাচাই করতে হবে। এক্ষেত্রে ট্রানজেকশন আইডি সংরক্ষণ করে রাখা জরুরি।
আরও পড়ুন : দুর্গাপূজায় দীর্ঘ ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
এদিকে, প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চয়নের পর আগামী ১৯ সেপ্টেম্বর রাত ৮টায় পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে। একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম চলবে ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।
ভর্তি নীতিমালা অনুযায়ী, একাদশ শ্রেণিতে ভর্তির মোট আসনের ৭ শতাংশ কোটা হিসেবে সংরক্ষিত থাকবে। বাকি ৯৩ শতাংশ আসন সবার জন্য মেধার ভিত্তিতে উন্মুক্ত থাকবে।
ক্লাস শুরু কবে : ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী ২৪ সেপ্টেম্বর। এর আগে ২৩ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরুর কথা ছিল।
তবে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ওইদিন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকায় ক্লাস শুরুর তারিখ একদিন পিছিয়ে দেয়া হয়।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































