Apan Desh | আপন দেশ

শিক্ষকদের ঘরে ফেরার আহবান শিক্ষা প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২৩:০৬, ২৬ এপ্রিল ২০২৬

শিক্ষকদের ঘরে ফেরার আহবান শিক্ষা প্রতিমন্ত্রীর

ছবি : আপন দেশ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, বিধি-বিধান মেনেই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্বাভাবিক গতিতে চলছে। একই সঙ্গে নিয়োগপত্রের দাবিতে আন্দোলনরতদের ধৈর্য ধারণ করে চলমান প্রক্রিয়ার প্রতি আস্থা রাখার এবং জনদুর্ভোগ এড়াতে আন্দোলন স্থগিত করে ঘরে ফেরার আহবান করেন তিনি।

রোববার (২৬ এপ্রিল) নিয়োগপত্রের দাবিতে রাজধানীর শাহবাগে চলমান আন্দোলনের প্রেক্ষিতে সুপারিশপ্রাপ্ত প্রাথমিক সহকারী শিক্ষকদের একটি প্রতিনিধি দল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী সঙ্গে সাক্ষাৎ করে। 

সাত সদস্যের এ প্রতিনিধি দল নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়ে বর্তমান পরিস্থিতি সম্পর্কে প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছে।

আরও পড়ুন <<>> ‘বেকারত্ব দূর করতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো পিছিয়ে আছে’

এসময় ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নির্ধারিত বিধি-বিধান অনুসরণ করে স্বাভাবিক গতিতেই চলমান রয়েছে। প্রক্রিয়ার প্রতিটি ধাপ যথাযথভাবে সম্পন্ন করে নিয়োগ কার্যক্রম শেষ করা হবে বলে আশ্বাস দেন তিনি।

তিনি বলেন, চলমান প্রক্রিয়ার প্রতি আস্থা রেখে অযথা জনদুর্ভোগ সৃষ্টি না করে আন্দোলন স্থগিত করে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়া উচিত।

তিনি আরও বলেন, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে দক্ষ ও যোগ্য শিক্ষক নিয়োগে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় সব কার্যক্রম যথাযথভাবে এগিয়ে নেয়া হচ্ছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়