ছবি: আপন দেশ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪ দশমিক ৮৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে প্রবাসী আয়েও ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। চলতি নভেম্বর মাসের প্রথম চার দিনে দেশে ৬৪৭ মিলিয়ন (৬৪ কোটি ৭০ লাখ) ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত বছরের একই সময়ের তুলনায় এ আয় বেড়েছে ৪০ দশমিক ৩৩ শতাংশ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত পৃথক তথ্য থেকে এসব বিষয় জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ৫ নভেম্বর দেশের মোট বা গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ হাজার ৮৫৫ দশমিক ৮১ মিলিয়ন ডলার বা ৩৪ দশমিক ৮৬ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী, রিজার্ভের পরিমাণ ২৯ হাজার ৯৮৫ দশমিক ৭৫ মিলিয়ন ডলার বা প্রায় ২৯ দশমিক ৯৯ বিলিয়ন ডলার।
এদিকে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধের পরিমাণ ১ হাজার ৬৪২ দশমিক ৪৬ মিলিয়ন ডলার বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
অন্যদিকে রেমিট্যান্সের তথ্য বলছে, গত ৪ নভেম্বর এক দিনেই দেশে ১২৬ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। আর চলতি মাসের ১ থেকে ৪ নভেম্বর পর্যন্ত মোট এসেছে ৬৪৭ মিলিয়ন ডলার। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৪৬১ মিলিয়ন ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৪০ দশমিক ৩৩ শতাংশ।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই থেকে ৪ নভেম্বর পর্যন্ত দেশে মোট ১২ হাজার ১১২ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ১০ হাজার ৬১০ মিলিয়ন ডলার। অর্থাৎ অর্থবছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৪ দশমিক ২ শতাংশ।
প্রবাসী আয়ের এই ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার সরবরাহে ইতিবাচক ভূমিকা রাখছে। একই সঙ্গে রিজার্ভ পরিস্থিতিতেও এর প্রভাব গুরুত্বপূর্ণ।
আপন দেশ/কেএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































