Apan Desh | আপন দেশ

বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:৪৪, ২৪ আগস্ট ২০২৬

বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ

ছবি : আপন দেশ

বিশ্ববাজারে ৩ মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে স্বর্ণের দাম। মার্কিন ডলারের নিম্নমুখি অবস্থান এবং যুক্তরাষ্ট্রের সুদের হার নিয়ে নতুন ইঙ্গিতের অপেক্ষায় বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে।

সোমবার (২৪ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে যায়। এতে প্রতি আউন্স ৪ হাজার ৬৪১ দশমিক ২৭ ডলারে পৌঁছায়। দিনের শুরুতে দাম ১৫ মের পর সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল।

এর আগে গত সপ্তাহে স্বর্ণের দাম ৫ শতাংশের বেশি বেড়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৬৯৭ দশমিক ৭০ ডলারে লেনদেন হয়েছে।

বাজারে মার্কিন ডলার কয়েক মাসের সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি রয়েছে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি দীর্ঘমেয়াদি বন্ড পুনঃক্রয়ের পরিমাণ বাড়ানোর ঘোষণা দেয়ার পর ডলার নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। দুর্বল ডলার সাধারণত অন্যান্য মুদ্রার ক্রেতাদের কাছে ডলারে মূল্য নির্ধারিত স্বর্ণকে তুলনামূলক সস্তা করে তোলে, ফলে স্বর্ণের চাহিদা বাড়ে।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারারের মতে, সপ্তাহের শুরুতেই স্বর্ণ আবার শক্তিশালী অবস্থানে ফিরেছে। দুর্বল ডলারের পাশাপাশি উচ্চ বন্ড ফলন অর্থনীতির অন্তর্নিহিত চাপ ও নীতিগত অনিশ্চয়তার কী ইঙ্গিত দিচ্ছে, সেটিও বাজারে গুরুত্ব পাচ্ছে।

বাজার বিশ্লেষকদের ধারণা, ফেড চেয়ারম্যান যদি সুদের হার নিয়ে সতর্ক ও নমনীয় অবস্থানের ইঙ্গিত দেন, তাহলে স্বর্ণের দাম আরও বাড়তে পারে। কারণ সুদের হার কমার সম্ভাবনা বাড়লে সাধারণত সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ বৃদ্ধি পায়।

আরও পড়ুন: তমা মির্জার ব্যাংক চাকরি ঘিরে যত প্রশ্ন 

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট রুপার দাম প্রায় অপরিবর্তিত থেকে প্রতি আউন্স ৬৮ দশমিক ৯৮ ডলার, প্লাটিনাম শূন্য দশমিক ১ শতাংশ বেড়ে ১ হাজার ৮৭৮ দশমিক ৮৮ ডলার এবং প্যালাডিয়াম অপরিবর্তিত থেকে ১ হাজার ৩৫০ ডলারে অবস্থান করছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়