স্বর্ণের অলঙ্কার
টানা দুই দফা কমানোর পর বাড়ানো হলো স্বর্ণের দাম। আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধির ফলে দেশে নতুন করে সমন্বয় করা হয়েছে মূল্যবান এ ধাতুর দাম। বৃহস্পতিবার (০২ জুলাই) ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
এদিন সকাল ৯টায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সকাল ১০টা থেকে নতুন মূল্য কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন<<>>বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ
এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৮৫ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ৪২ দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৪২ দফা ও ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।
রুপার ক্ষেত্রেও নতুন দাম নির্ধারণ করেছে বাজুস। ২২ ক্যারেট রুপার অলংকারের দাম প্রতি গ্রাম ৮৩০ টাকা, অর্থাৎ প্রতি ভরি ৯ হাজার ৬৮১ টাকা। ২১ ক্যারেট রুপার দাম প্রতি গ্রাম ৩৯০ টাকা, যা প্রতি ভরি ৪ হাজার ৫৪৯ টাকা। ১৮ ক্যারেট রুপার দাম প্রতি গ্রাম ৩৩৫ টাকা, ফলে প্রতি ভরি ৩ হাজার ৯০৭ টাকা। আর সনাতন পদ্ধতির রুপার দাম প্রতি গ্রাম ২৫৫ টাকা, যা প্রতি ভরি ২ হাজার ৯৭৪ টাকা।
বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই বিক্রয়মূল্য কার্যকর থাকবে। তবে অলংকারের নকশা অনুযায়ী মজুরি আলাদাভাবে প্রযোজ্য হবে। এছাড়া বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। স্বর্ণ ও রুপার অলংকার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে বাজুসের আগের নিয়মই বহাল থাকবে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































