Apan Desh | আপন দেশ

নোয়াখালীতে ইশরাকের বহরে হামলা, মোটরসাইকেলে আগুন

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ০১:১৭, ১৪ জুলাই ২০২৩

আপডেট: ০১:১৮, ১৪ জুলাই ২০২৩

নোয়াখালীতে ইশরাকের বহরে হামলা, মোটরসাইকেলে আগুন

নোয়াখালীর সোনাইমুড়ীতে বিএনপির মেহনতি মানুষের পদযাত্রা অনুষ্ঠানের অতিথি ঢকার সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জনিয়ার ইশরাক হোসেনকে স্বাগত জানাতে গিয়ে ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন দলটির নেতাকর্মীরা। এ সময়  দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে অন্তত ৫ জন আহত হন।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সন্ধ্যার দিকে উপজেলার রেলগেট বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীরা ইশরাকের বহরে হামলা চালিয়ে একটি মোটরসাইকেলে আগনি ধরিয়ে দেয়।  

স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াখালীতে বিএনপির পদযাত্রা অনুষ্ঠান উপলক্ষে দলটোর কেন্দ্রীয় নেতা নেতা ইশরাক হোসেন একদিন আগেই নোয়াখালীতে পৌঁছান। তার আসার খবরে বৃহস্পতিবার বিকেলে প্রায় শতাধিক মোটরসাইকেল যোগে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জেলার সোনাইমুড়ীতে জড়ো হয়।সেই খবর পেয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় উভয়ের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে বিএনপির আকরাম হোসেন (৩০), আমির হোসেনসহ (৪৪) ৫ নেতাকর্মী আহত হন। আকরাম ও আমিরকে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। পরে হামলাকারীরা একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে । খবর পেয়ে সোনাইমুড়ী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. ইউসুফ জানান, ঘটনার খবর পেয়ে তাদের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. রিয়াজ উদ্দিন জনান, আকরাম ও আমির নামে ২ জনকে হাসপাতলে আনা হয়েছিল। তাদের চিকিৎসা দেয়া হয়েছে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, বিকেলের দিকে বাইপাস এলাকায় ছাত্রলীগ শান্তি সমাবেশ করছিল। ওই সময় বিএনপি নেতা ইশরাকের গাড়ির বহর আসলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে পুলিশের উপস্থিতিতে দুই পক্ষ চলে যায়।  

তিনি আরও জানায়, এখন পর্যন্ত কেউ আহত হওয়ার খবর পাইনি। তবে গাড়ি বহরে হামলার মতো কোনো ঘটনা ঘটেনি।    

আপন দেশ/এমএমজেড

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়