সোনালী ব্যাংকের লোগো
কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) আধুনিকায়নের কাজের জন্য টানা ৪৮ ঘণ্টা সোনালী ব্যাংক পিএলসির সব ধরনের ব্যাংকিং সেবা বন্ধ থাকবে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ১২টা থেকে শনিবার (১৭ অক্টোবর) রাত ১১টা পর্যন্ত ব্যাংকটির সেবা সাময়িকভাবে বন্ধ রাখার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের জারি করা এক সার্কুলারে এ তথ্য জানানো হয়।
সার্কুলার অনুযায়ী, সোনালী ব্যাংকের ব্যবহৃত ‘ইন্টেলেক্ট সিবিএস ১০.০০’ সফটওয়্যারের ডাটাবেজ সংস্করণ ‘ওরাকল ১১জি’ থেকে ‘ওরাকল ১৯সি’-তে উন্নীত করা হবে। এ কাজ সম্পন্ন করতে নির্ধারিত সময়ের জন্য ব্যাংকটির কার্যক্রম বন্ধ রাখার অনুমোদন দেয়া হয়েছে।
আরও পড়ুন<<>>ন্যাশনাল ব্যাংকে আমানত ফেরত দেয়া শুরু
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, অনুমোদিত সময়সূচি অনুযায়ী প্রায় ৪৮ ঘণ্টা সোনালী ব্যাংকের সব ধরনের ব্যাংকিং কার্যক্রম ও সেবা বন্ধ থাকবে। নির্ধারিত সময় শেষে আগামী ১৭ অক্টোবর প্রযুক্তিগত কোনো জটিলতা দেখা না দিলে ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রমসহ সব সেবা পুনরায় চালু করা হবে।
নির্ধারিত সময় অনুযায়ী, বৃহস্পতিবার রাত ১১টায় আপগ্রেডেশন কার্যক্রম শুরু হবে। শনিবার রাত ১১টায় এ কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে। এ সময় ব্যাংকটির সব ধরনের ব্যাংকিং কার্যক্রম ও সেবা বন্ধ থাকায় ব্যাংকিং সেবা নিতে গ্রাহকদের সাময়িক অসুবিধায় পড়তে হতে পারে। এ কারণে প্রয়োজনীয় ব্যাংকিং কাজ আগেই সেরে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।
এদিকে সাময়িকভাবে ব্যাংকিং সেবা বন্ধ থাকার বিষয়টি গ্রাহকদের আগাম জানাতে পর্যাপ্ত প্রচারণা চালানোর শর্ত দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গ্রাহকদের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় তথ্য প্রচার অব্যাহত রাখতে হবে ব্যাংকটিকে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































