ছবি : সংগৃহীত
১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) সহকারী জজ পরীক্ষায় মেধা তালিকায় ১ম হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফুল করিম সিয়াম । মেধা তালিকায় প্রথম হওয়ার গৌরব অর্জন করা আরিফুল করিম সিয়াম বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার এ অসাধারণ সাফল্যের কারণে সর্বমহলে প্রসংশিত হচ্ছেন সিয়াম। বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন শুভেচ্ছা বার্তা দিয়ে সিয়ামকে স্বাগত জানাচ্ছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। এরপর থেকে প্রসংশায় ভাসছেন সিয়াম।
অনুভূতি প্রকাশ করে বিজেএস পরীক্ষায় প্রথম আইন বিভাগের শিক্ষার্থী আরিফুল করিম সিয়াম জানান, আমার যতটুকু সামর্থ্য ছিল, তা দিয়ে ভালো করার চেষ্টা করেছি। বাকিটা মহান আল্লাহর দান। অনেকেই হয়ত আমার চেয়েও বেশি যোগ্য ছিলেন, কিন্তু দিনশেষে সৃষ্টিকর্তা যাকে ইচ্ছা কবুল করেন।
আরও পড়ুন<<>>বাঁশের ভেলায় ভেসে আটরশি দরবারে ভক্তরা
আইন বিভাগের জুনিয়রদের উদ্দেশ্যে তিনি বলেন, দীর্ঘ এ যাত্রায় যেন কেউ ধৈর্য না হারায়। প্রস্তুতি নিতে গিয়ে প্রতিদিন সমান সাফল্য আসবে না, কখনো ঘাটতি থাকবে, কখনো ভালো হবে। কিন্তু পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখা এবং রেগুলার পরীক্ষার মাধ্যমে নিজেকে একটু একটু করে ঝালিয়ে নেয়া খুবই জরুরি।
এছাড়াও তিনি সবাইকে নিজ নিজ লক্ষ্য স্থির রেখে পরিশ্রম করার পাশাপাশি সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখার পরামর্শ দেন।
আইন বিভাগের সভাপতি সাঈদা আনজু জানান, অনেক আনন্দের খবর। আমার বিভাগের শিক্ষার্থী ১ম হয়েছে। ভালো লাগছে শুনে। রাবির আইন বিভাগ থেকে আবারও দেশসেরা হওয়া এটা বিশ্ববিদ্যালয়ের জন্যও অনেক গর্বের। সিয়ামসহ ১৮তম বিজিএসে যে ২০০ জন উত্তীর্ণ হয়েছে তাদের সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানান তিনি ।
উল্লেখ্য, এর আগে ১৩তম থেকে ১৬তম বিজেএস পরীক্ষায় টানা চারবার প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ১৭তম পরীক্ষায় বিরতির পর ১৮তম বিজেএসে এসেও শীর্ষস্থান অর্জন করে আরিফুল করিম সিয়াম।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































