ছবি: আপন দেশ
রাজশাহীর মোহনপুরে জান্নাতুন (৫৫) নামে এক নারীকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার ছেলে। এ সময় স্ত্রীকে রক্ষা করতে এগিয়ে গেলে ওই নারীর স্বামী মুজিব সরদারও হামলায় গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত ছেলে আমিনুল ইসলামকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার মৌগাছি ইউনিয়নের সরদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আমিনুল ইসলাম মাদকাসক্ত ছিলেন। মাদক সেবন করে প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে বিবাদে জড়াতেন। বুধবার দিবাগত রাতে পারিবারিক বিষয় নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তিনি হাসুয়া নিয়ে মা জান্নাতুনের ওপর হামলা চালান। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে গেলে বাবা মুজিব সরদারকেও হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করা হয়।
আরও পড়ুন<<>>মধ্যপ্রাচ্যের সংকট কাটলে তেলের দাম কমবে: প্রতিমন্ত্রী
হামলায় গুরুতর আহত জান্নাতুন ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা আহত মুজিব সরদারকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তার শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
রাজশাহীর এএসপি (সদর সার্কেল) হেলেনা আকতার বলেন, মাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে আমিনুল ইসলামকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পর আইনগত প্রক্রিয়া অনুযায়ী তাকে আদালতে পাঠানো হবে।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের কারণ ও ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































