ছবি: আপন দেশ
আবাসিক ও অনাবাসিক প্রতিষ্ঠানে ডিজিটাল প্রি-পেইড মিটার স্থাপনের প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জেলা শহরের গানাসাস মার্কেটের সামনে এ কর্মসূচি পালিত হয়। গাইবান্ধা জেলা ডিজিটাল প্রি-পেইড মিটার প্রতিরোধ কমিটি ও বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে সভাপতিত্ব করেন বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ও জেলা শাখার আহবায়ক গোলাম রব্বানী মুসা। এতে সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য মিহির ঘোষ, গাইবান্ধা পরিবেশ আন্দোলনের আহায়ক ওয়াজিউর রহমান রাফেল, নাগরিক নেতা অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, জেলা সিপিবির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুরাদজামান রব্বানী ও কমিউনিস্ট নেতা রেবতী মোহন বর্মনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা বক্তব্য দেন।
আরও পড়ুন<<>>নাটোরে ডেঙ্গু প্রতিরোধ-পরিচ্ছন্নতা অভিযান
বক্তারা বলেন, উন্নত প্রযুক্তির নামে প্রি-পেইড মিটার স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ গ্রাহকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ ও হয়রানি সৃষ্টি হচ্ছে। তারা গ্রাহকবান্ধব বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধন থেকে ছয় দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে প্রি-পেইড মিটার বাতিল, সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, বিদ্যুৎ খাত বেসরকারিকরণের তৎপরতা বন্ধ, বিদ্যুৎ সংকটের জনবান্ধব সমাধান, বিদ্যুৎ খাতের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ এবং গ্রাহকদের নামে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার।
কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































