Apan Desh | আপন দেশ

জঙ্গল সলিমপুরে আবারও যৌথ অভিযান

চট্টগ্রাম প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২১:১৩, ১৭ সেপ্টেম্বর ২০২৬

জঙ্গল সলিমপুরে আবারও যৌথ অভিযান

ছবি: আপন দেশ

দুর্গম পাহাড়ি এলাকায় কিছু অপরাধী ও সন্ত্রাসী সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে এমন তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের নেতৃত্বে জঙ্গল সলিমপুরের আলীনগর, নবীনগর, ওসমানের ঘোনাসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিজিবি, এসআরবি, এপিবিএন, সীতাকুণ্ড থানা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় তিন শতাধিক সদস্য অংশ নেন।

পুলিশ জানায়, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। সেখানে সম্ভাব্য অপরাধ ও নাশকতা প্রতিরোধে দুর্গম পাহাড়ি এলাকায় সমন্বিত টহল জোরদার করা হয়।

অভিযানকালে বিভিন্ন পাহাড়ি ঘরবাড়ি ও স্থাপনা, আশপাশের পরিত্যক্ত স্থান এবং সন্দেহজনক এলাকায় তল্লাশি চালানো হয়। সেখানে অবস্থানরত ব্যক্তিদের পরিচয় ও অবস্থানও যাচাই-বাছাই করা হয়। 

আরও পড়ুন<<>>ফুটবলারদের উন্নয়নে সহযোগিতা করা হবে: দীপেন দেওয়ান

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, এ অভিযানের মাধ্যমে অপরাধীদের সংঘবদ্ধ হওয়ার সুযোগ প্রতিরোধ, নাশকতার সম্ভাব্য প্রস্তুতি নস্যাৎ এবং অপরাধ সংঘটনের অনুকূল পরিবেশ রোধের পাশাপাশি স্থানীয় জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার বার্তা দেয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত ও দৃশ্যমান উপস্থিতির ফলে এলাকায় নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার হয়েছে।

অভিযানকালে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করা হয়। এ সময় তাদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করার পাশাপাশি অপরাধ ও সন্দেহজনক তৎপরতার তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে এবং অপরাধ প্রতিরোধে সহযোগিতা করার আহবান জানানো হয়।

জননিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশ পুলিশসহ সংশ্লিষ্ট সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়