ছবি: আপন দেশ
সড়ক দুর্ঘটনায় স্বজন হারানো পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে সরকার। গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জনের পরিবার এবং গুরুতর আহত দুই ব্যক্তিকে দেয়া হয়েছে মোট ৭৬ লাখ টাকার আর্থিক সহায়তা। নিহত প্রত্যেকের পরিবার পেয়েছে ৫ লাখ টাকা। গুরুতর আহত প্রত্যেককে দেয়া হয়েছে ৩ লাখ টাকা করে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে এ আর্থিক সহায়তার চেক তুলে দেয়া হয়।
জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নিহত ১৪ জনের পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকা করে মোট ৭০ লাখ টাকার চেক এবং গুরুতর আহত দুই ব্যক্তিকে ৩ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকার চেক দেয়া হয়।
আরও পড়ুন<<>>বোদায় কাজী ফার্মসের বিরুদ্ধে ক্ষোভ, মহাসড়ক অবরোধ
চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মো. মনিরুজ্জামান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব পিপিএম, বিআরটিএ গাইবান্ধা সার্কেলের সহকারী পরিচালক ফয়সল হাসান, মোটরযান পরিদর্শক মো. কামাল আহমেদ কাজলসহ জেলা প্রশাসন ও বিআরটিএর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনায় একটি পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি নিহত বা গুরুতর আহত হলে পরিবারটি দীর্ঘমেয়াদি আর্থিক সংকটে পড়ে। সরকারি এ আর্থিক সহায়তা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য কিছুটা হলেও সহায়ক হবে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে সরকারি নীতিমালা অনুযায়ী আর্থিক সহায়তা দেয়ার কার্যক্রম অব্যাহত থাকবে। ভবিষ্যৎও সরকার দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































