ছবি: আপন দেশ
নোয়াখালীর সোনাইমুড়ী থানার হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুর রহিমকে গ্রেফতার করেছে র্যাব। দীর্ঘ ৯ বছর আত্মগোপনে থাকার পর ফেনীর দাগনভূঞা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে দাগনভূঞার মিষ্টি মুখ সুইটসের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আব্দুর রহিম সুবর্ণচর উপজেলার উত্তর কচ্ছপিয়া এলাকার মৃত আবদুল বারিকের ছেলে।
র্যাব জানায়, ২০১৩ সালের ২৬ সেপ্টেম্বর সোনাইমুড়ী থানায় একটি হত্যা মামলা করা হয়। ওই মামলায় বিচার শেষে আব্দুর রহিমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।
আরও পড়ুন <<>> ৭৬০ বস্তা সারসহ পাচারকারীরা আটক
রায়ের পর গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যান আব্দুর রহিম। এসময় তিনি প্রায় ৯ বছর বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। আত্মগোপনে থাকার সময় জাতীয় পরিচয়পত্রের স্থায়ী ঠিকানাও পরিবর্তন করেন।
দীর্ঘদিন গোয়েন্দা নজরদারির পর র্যাব তার অবস্থান শনাক্ত করে। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১১-এর সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু বলেন, গ্রেফতার আসামিকে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য চরজব্বর থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































