ছবি: আপন দেশ
চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক, বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন চরভদ্রাসন থানার ওসি মো. সফর আলী।
তিনি বলেন, একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা অপরিহার্য।
শুক্রবার (০৭ আগস্ট) ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে পবিত্র জুমার নামাজের আগে মুসল্লিদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।
ওসি মো. সফর আলী বলেন, মাদক একটি সমাজকে ধ্বংস করে দেয়। তাই মাদককে না বলতে হবে এবং যুবসমাজকে এর ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে হবে। একই সঙ্গে চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে সবাইকে সতর্ক থাকতে হবে। যেকোনো অপরাধ বা সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য দ্রুত পুলিশকে জানাতে হবে।
আরও পড়ুন<<>>ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন
তিনি আরও বলেন, বাল্যবিবাহ শুধু আইনের দৃষ্টিতে অপরাধ নয়, এটি একটি সামাজিক অভিশাপ। সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের সবার দায়িত্ব।
বক্তব্যে তিনি ইসলামের আলোকে সততা, নৈতিকতা, মানবিক মূল্যবোধ, পারস্পরিক সম্প্রীতি, সামাজিক দায়বদ্ধতা এবং আইন মেনে চলার গুরুত্ব তুলে ধরেন। তিনি সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
জুমার নামাজে অংশগ্রহণকারী মুসল্লিরা পুলিশ প্রশাসনের এমন জনসচেতনতামূলক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, মসজিদভিত্তিক এ ধরনের সচেতনতামূলক বক্তব্য অপরাধ প্রতিরোধ ও সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































