Apan Desh | আপন দেশ

সৌন্দর্যে মন কাড়ছে আকর্ষণীয় রঙ্গন ফুল

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:০৭, ৫ আগস্ট ২০২৬

সৌন্দর্যে মন কাড়ছে আকর্ষণীয় রঙ্গন ফুল

ছবি: আপন দেশ

বর্ষা ও গ্রীষ্ম মৌসুমে প্রকৃতিকে আরও রঙিন করে তুলেছে রঙ্গন (Ixora Coccinea) অত্যন্ত পরিচিত ও নান্দনিক শোভা বর্ধনকারী ফুল। লাল, কমলা, হলুদ, গোলাপি ও সাদা রঙের থোকা থোকা ফুলে সেজে ওঠে বাড়ির আঙিনা, শিক্ষা প্রতিষ্ঠান, পার্ক ও সড়কের পাশ। এ যেন জীববৈচিত্রের অপূর্ব সমন্বয়। প্রকৃতি সেজেছে অনন্য এক সাজে। আকর্ষণীয় রঙ্গন ফুলের সৌন্দর্যে প্রাণ ফিরে পেয়েছে সবুজ প্রকৃতি।

বাহারি রঙ্গন ফুলে নজর কেড়েছে কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের চোয়ারিয়াখোলার সবিতা সেনের বাড়ির আঙিনা। বিভিন্ন রঙয়ের রঙ্গন ফুল সকলের দৃষ্টি কেড়েছে। ছোট ছোট থোকায় ফোটা ফুলের সৌন্দর্য উপভোগ করছে পথচারীরা। অনেকে ফুলের পাশে দাঁড়িয়ে ছবি তুলে সোস্যাল মিডিয়ায় পোস্ট করছেন। 

আরও পড়ুন<<>>তিস্তার পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা

নজরুল সংগীত শিল্পী সুপ্তা সেন ঋতু বলেন, দৃষ্টিনন্দন সৌন্দয্যের পাশাপাশি রঙ্গন ফুল মৌমাছি ও প্রজাপতিকে আকৃষ্ট করে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রঙ্গন ফুলের গাছ খুব বেশি পরিচর্যা ছাড়াই বেড়ে ওঠে। প্রায় সারা বছরই ফুল ফুটলেও বর্ষাকালে এর সৌন্দর্য বৃদ্ধি পায়। ফুলের মধুর আকর্ষণে মৌমাছি ও প্রজাপতির আনাগোনাও বেড়ে যায়। যা পরিবেশের জীববৈচিত্র রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখে।

স্কুল শিক্ষক কাজী কেরামত জানান, রঙ্গন শুধু শোভাবর্ধনকারী ফুলই নয়, এটি সহজে চাষযোগ্য এবং দীর্ঘ সময় পর্যন্ত ফোটে থাকে। তাই বাড়ির আঙিনা, পার্ক, শিক্ষা প্রতিষ্ঠানের সৌন্দর্যবর্ধনে রঙ্গন ফুলের ব্যবহার দিন দিন বাড়ছে।

পরিবেশপ্রেমীদের মতে, নগর ও গ্রামীণ এলাকায় বেশি করে ফুলের গাছ রোপণ করলে একদিকে যেমন পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি পাবে, অন্যদিকে মৌমাছি ও অন্যান্য পরাগায়নকারী পোকামাকড়ের আবাসও নিশ্চিত হবে। তাই তারা রঙ্গনসহ বিভিন্ন দেশীয় ফুলের গাছ লাগানোর আহবান জানান।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement