Apan Desh | আপন দেশ

ভুয়া বিজিবি পরিচয়ে ছিনতাই, পোশাক-ওয়াকিটকিসহ আটক ৩

যশোর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:৫১, ২ আগস্ট ২০২৬

ভুয়া বিজিবি পরিচয়ে ছিনতাই, পোশাক-ওয়াকিটকিসহ আটক ৩

ছবি: আপন দেশ

যশোর শহরের ষষ্ঠীতলা এলাকায় অভিযান চালিয়ে বিজিবি পরিচয়দানকারী তিন ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এসময়
তাদের কাছ থেকে বিজিবির পোশাক, ওয়াকিটকি, হাতকড়া ও দেশীয় অস্ত্র পাওয়া যায়। 

আটক ব্যাক্তিরা বিজিবি সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতো বলে অভিযোগ রয়েছে।

শনিবার (০১ আগস্ট) গভীর রাতে ওই এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করেছে ডিবি পুলিশ।

আটকরা হলেন- শার্শা উপজেলার গোগা গাজীপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে উজ্জ্বল হোসেন (৩০), একই উপজেলার হরিশচন্দনপুর পূর্বপাড়া গ্রামের কাশেম আলীর ছেলে আনারুল ইসলাম (৩২) এবং একই গ্রামের গোলাম মোস্তফার ছেলে তোফাজ্জেল হোসেন (৩০)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিজিবির সদস্য নন বলে স্বীকার করে। সরকারি পোশাক ব্যবহার করে বিভিন্ন এলাকায় ছিনতাই ও ডাকাতিসহ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথাও স্বীকার করেছে বলে দাবি পুলিশের। 

আরও পড়ুন<<>>দাফনের ১২ ঘণ্টা পর কবর থেকে মরদেহ তুলে ইসিজি, অতঃপর...

ডিবি সূত্র জানায়, অভিযানে বাড়ির মালিক, অন্যান্য ভাড়াটিয়া ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতেই বাসার দরজায় কড়া নাড়ালে এক ব্যক্তি দরজা খুলে নিজেকে বিজিবির সদস্য পরিচয় দেন। ঘরে প্রবেশ করে আরও দুই ব্যক্তিকে পাওয়া যায়। তারাও নিজেদের বিজিবির সদস্য বলে পরিচয় দেন। তবে পরিচয়পত্র দেখাতে না পারায় এবং তাদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় জিজ্ঞাসাবাদ করা হলে তারা বিজিবির সদস্য নন বলে স্বীকার করেন।

পুলিশের দাবি, উজ্জ্বল হোসেনের শয়নকক্ষের খাটের নিচে রাখা একটি প্লাস্টিকের বস্তা থেকে এক সেট বিজিবির সরকারি পোশাক, দুটি স্টিলের হাতকড়া, দুটি ওয়াকিটকি, একটি স্টিলের চাইনিজ কুড়াল, দুটি কাটারি, একটি লোহা কাটার (গ্রাইন্ডার) মেশিন, একটি তালা কাটার মেশিন, একটি হ্যাকসো ব্লেড, একটি তালা কাটার সরঞ্জাম এবং একটি নোজ প্লাস উদ্ধার করা হয়।

যশোরের এএসপি (ক্রাইম অ্যান্ড অপস্) মিরাজুল ইসলাম জানান, আটক উজ্জ্বল হোসেনের বিরুদ্ধে পূর্বে পাঁচটি এবং তোফাজ্জেল হোসেনের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর আটক তিনজনকে রোববার আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়