Apan Desh | আপন দেশ

পঞ্চগড়ে ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে সংবাদ সম্মেলন

পঞ্চগড় প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:৪৮, ২৪ জুন ২০২৬

পঞ্চগড়ে ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে সংবাদ সম্মেলন

ছবি: আপন দেশ

​পঞ্চগড়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সাংবাদিকদের নিয়ে এক অবহিতকরণ সভা হয়েছে। 

বুধবার (২৪ জুন) পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে এ সভার আয়োজন করা হয়।

​জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং সিভিল সার্জন কার্যালয়, পঞ্চগড়ের বাস্তবায়নে আয়োজিত এ সংবাদ সম্মেলনে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন নিয়ে সাংবাদিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান। সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে শিশুদের জন্য এ ক্যাপসুলের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিস্তারিতভাবে তুলে ধরেন ডা. জান্নাতুন ফেরদৌস নিতু।

​সংবাদ সম্মেলনে সিভিল সার্জন জানান, আগামী ২৮ জুন পঞ্চগড় জেলা জুড়ে মোট ১ লাখ ৭১ হাজার ৪১০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ১৯ হাজার ৭৯৩ জন শিশুকে একটি করে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী ১ লাখ ৫১ হাজার ৬১৭ জন শিশুকে একটি করে উচ্চ ক্ষমতাসম্পন্ন লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। 

​এ ক্যাম্পেইন সফল করতে জেলার ৫টি উপজেলা ও ১টি পৌরসভায় সর্বমোট ১০৭৭টি টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে ২ জন করে মোট ২ হাজার ১৫৪ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। 

আরও পড়ুন<<>>কৃষক কবির হোসেনের পরিবারের পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রীর

​উন্মুক্ত আলোচনায় বক্তারা বলেন, শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে রক্ষা করতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমাতে এ ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো শিশুই যেন এ সুবিধা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে জেলার সকল অভিভাবককে উদ্বুদ্ধ করতে গণমাধ্যমকর্মীদের ব্যাপক প্রচারণার আহবান জানানো হয়।

​সংবাদ সম্মেলনে পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি- মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক-  সরকার হায়দার সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মী এবং সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

​উল্লেখ্য, এ জাতীয় পুষ্টি কার্যক্রমে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), ইউনিসেফ (UNICEF), ওয়ার্ল্ড ভিশন, হেলেন কেলার ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় উন্নয়ন সহযোগী সংস্থা কারিগরি সহযোগিতা প্রদান করছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়