Apan Desh | আপন দেশ

গাইবান্ধায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

গাইবান্ধা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৭:৪৪, ১৩ জুন ২০২৬

গাইবান্ধায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ছবি: আপন দেশ

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে গাইবান্ধায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 

প্রধানমন্ত্রীর ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৩ জুন) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।

জেলা প্রশাসন ও সামাজিক বনায়ন জোন, গাইবান্ধার যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে জেলার সাতটি উপজেলা ও সব ইউনিয়নে একযোগে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন পুলিশ সুপার জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ.কে.এ. হেদায়েতুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, পৌর বিএনপির সভাপতি শহীদুজ্জামান শহীদ, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ এবং সামাজিক বনায়ন জোন গাইবান্ধার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম মণ্ডল। 

আরও পড়ুন<<>>মান্দায় দুস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে পরিবেশগত ঝুঁকি দিন দিন বাড়ছে। পরিবেশ সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। পাশাপাশি রোপণ করা গাছের সঠিক পরিচর্যার ওপরও গুরুত্বারোপ করেন তারা।

জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বলেন, চলতি অর্থবছরে গাইবান্ধা জেলায় ১৭ হাজার ৪৫০টি গাছের চারা রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ কর্মসূচির অংশ হিসেবে উদ্বোধনী দিনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ১৫০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। প্রত্যেক নাগরিক যদি অন্তত একটি গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নেন, তাহলে পরিবেশ রক্ষায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

পরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে জারুল ও কৃষ্ণচূড়ার চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন। এ সময় উপস্থিত অতিথি, শিক্ষার্থী ও অংশগ্রহণকারীরা পরিবেশবান্ধব সমাজ গঠনে বৃক্ষরোপণ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়