ছবি: আপন দেশ
নড়াইল পৌরসভায় পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। পৌরসভার ভাটিয়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শিশুরা ওই গ্রামের মাজেদুল শেখের ছেলে। একসঙ্গে দুই সন্তানকে হারিয়ে শোকে মুষড়ে পড়েছে পরিবার।
মারা যাওয়া দুই শিশুর নাম আবু বক্কর (৫) ও ওমর ফারুক (২)। তারা নড়াইল পৌরসভার ভাটিয়া গ্রামের ভ্যানচালক মাজেদুল শেখের সন্তান।
বুধবার (১০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভাটিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নড়াইল সদর থানা ওসি অজয় কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করেছেন।
আর পড়ুন<<>>কৃষকদল সভাপতিকে কুপিয়ে হত্যা, বিএনপির বিক্ষোভ
স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার ভাটিয়া গ্রামে সকালে নিজ বাড়ির পাশে দুই ভাই খেলা করছিল। এসময় তাদের পরিবারের লোকজন যে যার কাজে ব্যস্ত ছিলেন। বেশ কিছু সময় পর তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে দুই ভাইকে পানিতে ভাসতে দেখে তাদের দ্রুত উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
নড়াইল সদর থানা পুলিশের ওসি অজয় কুমার কুন্ডু জানান, দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































