ছবি: আপন দেশ
বাগেরহাটে হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজারসংলগ্ন দিঘিতে কুমিরের আক্রমণের শিকার হয়েছে ফাতেমা নামের সাত বছর বয়সী একটি শিশু। ঘটনার পর থেকেই তাকে উদ্ধারে ব্যাপক তৎপরতা চালানো হচ্ছে।
সোমবার (০১ জুন) রাত আনুমানিক সাড়ে আটটার দিকে দিঘির মহিলা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই সময় একটি কুমির ফাতেমাকে টেনে পানির ভেতরে নিয়ে যায়। ফাতেমা ঘাট এলাকায় বসবাসকারী এক মানসিক প্রতিবন্ধী নারীর মেয়ে। সে মায়ের সঙ্গে মাজারেই থাকত।
ঘটনার সময় শিশুটির চিৎকার শুনে মাজারে থাকা স্থানীয় লোকজন দ্রুত ছুটে আসে। তারা কুমিরকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করে। অনেকে দিঘিতেও নেমে উদ্ধারচেষ্টা চালায়। তবে কুমিরটি দ্রুত শিশুটিকে দিঘির গভীরে নিয়ে যায়।
আরও পড়ুন <<>> আমীর হামজার পরিবারের ওপর হামলা, শ্যালক আহত
প্রত্যক্ষদর্শীরা জানান, পরে তিনবার শিশুটিকে দিঘির বিভিন্ন স্থানে দেখা গেলেও এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। বর্তমানে স্থানীয় বাসিন্দা, স্বেচ্ছাসেবক, ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্টের সদস্যরা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। নৌকা নিয়ে দিঘিতে নেমেও তাকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মহিদুল ইসলাম।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































