ব্যারিস্টার রুমিন ফারহানা
মৌলবাদী গোষ্টির বিরুদ্ধে কঠোর হওয়ার আহবান জানালেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা।
বনলতা এক্সপ্রেস প্রদর্শনী বন্ধের জন্য মৌলবাদী গোষ্টিকে দায়ী করে তিনি বলেন, বাংলাদেশকে যারা মৌলবাদের ভূমি বানাতে চায়। তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে সরকার বিপদে পড়বে।
সোমবার (০১ জুন) বিকেলে সরাইল উপজেলার শাহবাজপুর ০১ নম্বর গেইট এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা করেন।
ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরের জনতা ব্যানারে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমা বন্ধের প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
আরও পড়ুন<<>>দুই ঘন্টা ফেরী আটকে রাখলেন হান্নান মাসুদ
বনলতা এক্সপ্রেস সিনেমা প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, এটি একটি সামাজিক ও পারিবারিক চলচ্চিত্র। একটি পারিবারিক সিনেমার প্রদর্শনী বন্ধ করে দেয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
রুমিন ফারহানা বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ যেমন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর একার সম্পত্তি নয়, তেমনি ২০২৪ সালের গণঅভ্যুত্থানও কারও একার সম্পত্তি নয়। ৭১ ও ২৪ উভয় সময়েই দেশের আপামর জনগণ রাজপথে নেমেছিল।
বিভিন্ন পন্থীর উত্থান ঘটছে জানিয়ে তিনি বলেন, দেশে আগে আজানের ধ্বনির পাশাপাশি মন্দিরের ঘণ্টাধ্বনি ও বাউল গান শোনা যেত। কিন্তু সাম্প্রতিক সময়ে দক্ষিণপন্থী ও ডানপন্থী চরমপন্থার উত্থান দেখা যাচ্ছে। আমরা দেখেছি মাজার ভাঙচুর হয়েছে, কবর থেকে মরদেহ তুলে পুড়িয়ে দেয়ার ঘটনাও ঘটেছে। এমন বাংলাদেশ আমরা আগে দেখিনি।
মানববন্ধনে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা সিনেমাটির প্রদর্শনীতে বাধা দেয়ার ঘটনার প্রতিবাদ জানিয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান।
উল্লেখ্য, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্রের একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছিল। তবে কওমি ছাত্র ঐক্য পরিষদের শিক্ষার্থীদের আপত্তি ও প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত প্রদর্শনী স্থগিত করা হয়। আয়োজকরা জানিয়েছেন, আপাতত প্রদর্শনীটি স্থগিত রাখা হয়েছে।
এরপর একই দিন শহরের কসবা উপজেলার তালতলা গ্রামে তরুণদের উদ্যোগে সিনেমাটির প্রদর্শনী করতে গেলে প্রশাসনের অযাচিত হস্তক্ষেপে তা বন্ধ করে দেয়া হয়। এ ঘটনায় দেশজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। এর মধ্যে প্রতিবাদ কর্মসূচির ডাক দেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































