Apan Desh | আপন দেশ

দুই ঘন্টা ফেরী আটকে রাখলেন হান্নান মাসুদ

নোয়াখালী প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৫:৩১, ১ জুন ২০২৬

আপডেট: ১৫:৩৭, ১ জুন ২০২৬

দুই ঘন্টা ফেরী আটকে রাখলেন হান্নান মাসুদ

এমপি আবদুল হান্নান মাসউদ

নোয়াখালী-৬ হাতিয়া আসনের এমপি আবদুল হান্নান মাসউদের জন্য একটি ফেরী নির্দিষ্ট সময়ের অতিরিক্ত প্রায় দুই ঘণ্টা পর ছাড়তে হয়েছে বলে অভিযোগ উঠেছে।

রোববার (৩১ মে) রাতে হাতিয়ার নলচিরা ঘাটে নোঙর (বন্ধ) করা অবস্থায় ফেরী 'মহানন্দা' তে এ ঘটনা ঘটে।

এসময় এমপি আবদুল হান্নান মাসউদকে যাত্রীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়াতেও দেখা যায়। স্থানীয়রা জানায়, ফেরী মহানন্দা রোববার বিকেল সোয়া ৪টায় ছেড়ে আসে।

যেটি বিকেল ৫টা ৪৫ মিনিটে নলচিরা ঘাটে পৌঁছে। পরবর্তী ফেরী লোড আনলোড ও মাল-গাড়ি উঠানামা করতে সোয়া এক ঘণ্টা সময় লাগে। সে হিসেবে ৭টার কিছুক্ষণ আগে বা পরে ফেরী চেয়ারম্যান ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিলো। কিন্তু সে ফেরী ছাড়ে প্রায় রাত ৯টায়।

বিকেল থেকে মোটরসাইকেলসহ গাড়িগুলোর জন্য কাউন্টারে বুকিং নিলেও ফেরী আনলোড হওয়ার পর গাড়ি তুলতে দেয়া হয়নি। এতে কর্মস্থলগামী মানুষ প্রচণ্ড গরমে ভোগান্তিতে পড়ে।

যাত্রীরা অভিযোগ করে বলেন, নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পরও কেন ফেরী ছাড়া হচ্ছে না এ বিষয়ে কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে তারা জানান, এমপি সাহেব আসবেন, তারপর ছাড়া হবে। 

আরও পড়ুন<<>>পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

তারা বলেন, একজন জনপ্রতিনিধির জন্য এতোগুলা মানুষকে যদি ভোগান্তি পোহাতে হয় তবে উনি কেমন জনপ্রতিনিধি। তাছাড়া সঠিক সময়ে চেয়ারম্যান ঘাট, সোনাপুর ও জেলা শহর মাইজদী গিয়ে বাসে না উঠতে পারলে রাতের মধ্যে গন্তব্যে পৌঁছানো সম্ভব হবে না। সারারাত বাস কাউন্টারে বসে থাকতে হবে, আবার আগামীকাল অফিসেও যাওয়া যাবে না।

ফেরী মহানন্দার মাস্টার মোজাম্মেল হক জানান, ৫টা ৪০ মিনিটে আমাদের ফেরী নলচিরা ঘাটে পৌঁছে। আনলোড ও লোডে গড়ে ৪০ মিনিট করে সময়ের দরকার হয়। আমাদের কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে এমপি সাহেব আসবেন ফেরী ছাড়তে একটু দেরি হবে। তাই আমরা প্রথমে গাড়িগুলো উঠাতে দেয়নি। এনিয়ে যাত্রীরা উত্তেজিত হয়ে উঠেন। পরে রাত ৮টার পর আমরা চেয়ারম্যান ঘাটের উদ্দেশ্য ছেড়ে আসি। তবে স্বাভাবিক সময়ের তুলনা ৪৫ মিনিট বা ১ ঘণ্টা দেরি হয়েছে।

এ বিষয়ে জানতে সাংসদ আবদুল হান্নান মাসউদের মোবাইল নাম্বারে কল করা হলে তিনি রিসিভ করেননি।

তবে এ বিষয়ে এমপি হান্নান মাসুদের পক্ষে তার অনুসারীরা সোশাল মিডিয়ায় বিভিন্ন পোষ্ট করেন। তাদের দাবি, ফেরী ঘাটের অনিয়মের বিষয়ে এমপি হান্নান মাসউদ ঘাট পরিদর্শনে গিয়েছিলেন। একটি গ্রুপ এ বিষয়টি ভিন্নভাবে উপস্থাপন করছেন বলে তারা প্রচার করছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়