ছবি: আপন দেশ
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় যাত্রীবাহী বাস খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আহত হয়েছেন ১৫ যাত্রী। রোববার (৩১ মে) সকালে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে উপজেলার মহদীপুর ইউনিয়নের ঠুটিয়াপাকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারী রিক্তা বেগম গাইবান্ধা সদরের সাহার বাজার এলাকার আইজল হকের স্ত্রী।
পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নিউ সাফা পরিবহনের যাত্রীবাহী একটি বাস গাইবান্ধা অভিমুখী যাচ্ছিল। সকাল ৭টার দিকে ঠুটিয়াপাকুর এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান রিক্তা বেগম।
আরও পড়ুন<<>>নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
এঘটনায় আহত হন অন্তত ১৫ জন যাত্রী। তাদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গাইবান্ধা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
দুর্ঘটনায় আহত যাত্রীরা জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায় সেখানে পানি কম ছিল, ফলে শিশুদের নিয়ে তারা উঠে আসতে পেরেছেন। নয়তো নিহত সংখ্যা আরও বৃদ্ধি হতো।
পলাশবাড়ী ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার লোকমান হাকিম বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালানো হয়। নিহত নারীর মরদেহ উদ্ধারসহ আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার শিকার বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।
এদিকে নিহত নারীর মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেন পলাশবাড়ী থানার ওসি (তদন্ত) প্রদীপ কুমার।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































