Apan Desh | আপন দেশ

ছুরিকাঘাতে বিএনপি কর্মী নিহত

বগুড়া প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:৪০, ২৪ মার্চ ২০২৬

ছুরিকাঘাতে বিএনপি কর্মী নিহত

ছবি: সংগৃহীত

বগুড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আরিফুল ইসলাম মুন্না (৫১) নামে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে শহরের ফাঁপোড় খন্দকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টাকা লেনদেন-সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। নিহত মুন্না ওই এলাকার মৃত চিকিৎসক ইয়াছিন আলীর ছেলে। তিনি ফাঁপোড় ইউনিয়ন বিএনপির সক্রিয় কর্মী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফেরার পথে মুন্নার সঙ্গে প্রতিবেশী সায়েমের দেখা হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে সায়েম ছুরি দিয়ে মুন্নার পেটে আঘাত করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তবে ঘটনার ভিন্ন বর্ণনা দিয়েছেন নিহতের স্ত্রী নিলুফা ইয়াসমিন। তার দাবি, রাত সাড়ে ১০টার দিকে ছেলের জন্য রুটি কিনে ফেরার পথে ৫-৬ জন মুন্নাকে ঘিরে ধরে ছুরিকাঘাত করে। আহত অবস্থায় তিনি দৌড়ে বড় ভাই মাহিদুল ইসলামের বাড়িতে গিয়ে বিষয়টি জানান। সেখান থেকে তাকে হাসপাতালে নেয়া হয়।

আরও পড়ুন <<>> অতীত প্রেমের ঘটনায় যুবককে অপহরণ

মাহিদুল ইসলাম জানান, পাওনা টাকা নিয়ে গত বছর করা একটি মামলা তুলে নিতে প্রতিপক্ষ দীর্ঘদিন ধরে মুন্নাকে হুমকি দিয়ে আসছিল। সোমবার রাতে তাকে ধাওয়া করে ছুরিকাঘাত করা হয়।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম বলেন, ঘটনার পর অভিযুক্ত সায়েম ও তার পরিবারের সদস্যরা পালিয়ে গেছেন। তাদের গ্রেফতারে অভিযান চলছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখনো মামলা দায়ের হয়নি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়