ছবি: আপন দেশ
আগামী তিন মাসের মধ্যে দেশে বিজ্ঞানসম্মত ডিজিটাল হেলথ কার্ড বিতরণ শুরু হবে। এ কার্ডের মাধ্যমে একজন রোগীর চিকিৎসা-সংক্রান্ত সকল তথ্য সংরক্ষিত থাকবে, যা দেশের যেকোনো স্থানে চিকিৎসা গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বুধবার (১৮ মার্চ) দুপুরে মনোহরদী উপজেলা পরিষদ হলরুমে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দুঃস্থদের মাঝে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, এ ডিজিটাল হেলথ কার্ডে রোগীর পূর্বের চিকিৎসার ইতিহাস, কোন চিকিৎসকের কাছে কখন চিকিৎসা নিয়েছেন, এমনকি ভবিষ্যতে জিনগত তথ্যও সংরক্ষণ করা হবে। ফলে দেশের যেকোনো স্থানে গিয়ে চিকিৎসা নিলে রোগীকে আলাদাভাবে কিছু বলতে হবে না; কার্ড দেখেই চিকিৎসক প্রয়োজনীয় তথ্য জেনে নিতে পারবেন।
তিনি আরও বলেন, সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে এবং পর্যায়ক্রমে সারা দেশে তা সম্প্রসারণ করা হবে। কৃষকদের জন্য শিগগিরই কৃষক কার্ড চালু করা হবে বলেও জানান তিনি। এছাড়া কৃষি ঋণের ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ মওকুফের কথাও উল্লেখ করেন।
মন্ত্রী দাবি করেন, সরকার জনগণের কল্যাণে কাজ করছে এবং প্রতিটি মন্ত্রণালয়ে জবাবদিহিতা নিশ্চিত করার চেষ্টা চলছে। দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
এম এ মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী উপজেলার ২৮২ জন দুঃস্থ মানুষের মাঝে ঈদ উপলক্ষে অনুদান বিতরণ করেন।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































