ছবি: সংগৃহীত
গোপালগঞ্জ সদর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের আটজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে। আহতদের মধ্যে নারীও রয়েছেন।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার বলাকইড় গ্রামের মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে। বর্তমানে তারা গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
পরিবারের সদস্যদের ভাষ্য, একটি সাধারণ গালিগালাজের ঘটনাকে কেন্দ্র করেই বিরোধের সূত্রপাত। একই গ্রামের সাঈদ মোল্যার ছেলে সাকিবকে তুচ্ছ বিষয়ে গালিগালাজ করেন বোরহান মোল্যার ছেলে তুরজা মোল্যা। বিষয়টি জানাজানি হলে সাকিবের পরিবারের সদস্যরা এর কারণ জানতে চান। এতে উত্তেজনা বাড়ে।
প্রত্যক্ষদর্শী ও আহতদের অভিযোগ, তর্কের একপর্যায়ে তুরজা মোল্যার নেতৃত্বে লেলিন, বোরাত, তোরাপ ও সোহরাবসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তারা সাকিব ও তার স্বজনদের ওপর এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন।
আরও পড়ুন <<>> বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩
হামলায় আহতরা হলেন— শহীদ মোল্যা (৪০), তার মা পাচি বেগম (৭০), বড় বোন কামনা বেগম (৪৫), ছোট ভাই তৌহিদ মোল্যা (৩৮), ভাবি মুক্তা বেগম (৩৭), ভাতিজা সাকিব মোল্যা (১৬) এবং দুই ভাগ্নে ইমাম হাসান (২০) ও সাজ্জাদ হোসেন মাহিন (১৫)।
হাসপাতাল সূত্রে জানা গেছে, কয়েকজনের আঘাত গুরুতর। তারা চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































