ছবি: সংগৃহীত
কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তাকে নিয়ে প্রশংসা করে ফেসবুক একটি পোস্ট করায় বহিষ্কার হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার উদ্দিন ফাহাদ। চবি শাখা ছাত্রদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক শাহরিয়ার।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধায় কেন্দ্রীয় ছাত্রদলের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
শাহরিয়ার উদ্দিন ফাহাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি চাকসু নির্বাচনে সহ-দফতর সম্পাদক পদে নির্বাচন করেছিলেন।
বহিষ্কারাদেশে বলা হয়েছে, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার যোগাযোগ বিষয়ক সম্পাদক শাহরিয়ার উদ্দিন ফাহাদকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হল।
বহিষ্কারের প্রতিক্রিয়া জানিয়ে শাহরিয়ার উদ্দিন ফাহাদ ব্যক্তিগত ফেসবুকে পোস্টে বলেন, যদিও বুঝাতে চেয়েছিলাম, ভিন্ন আদর্শ থেকে দেবিদ্বারের রাজপথে মুখোমুখি দেখা হবে ইনশাআল্লাহ, সেখানে কোনরকম শোকজ না দিয়ে বহিষ্কার আদেশ দেখে হাসি পাচ্ছে লিটারেলি।
এর আগে ১৩ ফেব্রুয়ারি এক ফেসবুক পোস্টে শাহরিয়ার উদ্দিন ফাহাদ লেখেন, দলমত যাই হোক, এইটা অস্বীকার করার সুযোগ নাই যে, দেবিদ্বারের ছেলেরা এখন হাসনাত হইতে চায়। গত ১৭ বছরে আওয়ামী লীগ ক্ষমতায় থেকেও ছোট আলমপুর চৌমুহনীতে কোন অফিস করতে পারে নাই, কিন্তু গত ৭ তারিখ যখন এলাকায় ঢুকে চৌমুহনীতে শাপলাকলির অফিস দেখলাম, ততক্ষণে নিশ্চিত হয়ে গেছিলাম, দেবিদ্বারে হাসনাতের যুগ শুরু হয়েছে। দেখা হবে রাজপথে ইনশাআল্লাহ।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































