ছবি: আপন দেশ
বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে আদালত চত্বর থেকে তাকে আটক করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বিএনপিপন্থি আইনজীবীরা আদালত এলাকায় বিক্ষোভ করেছেন।
জানা গেছে, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুসকে আদালত জামিন দেন। এ জামিনের প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকেই ক্ষুব্ধ হয়ে ওঠেন বিএনপিপন্থি আইনজীবীরা। তারা মুখ্য মহানগর হাকিম ও অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালত বর্জন করে বিক্ষোভ শুরু করেন।
মঙ্গলবার দুপুরের দিকে বিক্ষোভ চলাকালীন আদালতের এজলাসে হট্টগোল ও ভাঙচুরের অভিযোগ ওঠে। পরিস্থিতির অবনতি হলে বিচারক এস এম শরিয়তুল্লাহ এজলাস ছেড়ে চলে যান। এ অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবার রাতেই অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
বুধবার দুপুরে আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকন তার নিজ দফতরে অবস্থান করছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ, র্যাব ও সেনাসদস্যরা আদালত চত্বরে অভিযান চালিয়ে তাকে লিংকনকে গ্রেফতার করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) হাফিজ উদ্দিন আহমেদ বাবলু বলেন, আইনজীবী সমিতির সভাপতিকে বিচারকের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
সভাপতিকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে বিএনপিপন্থি আইনজীবীরা জড়ো হয়ে মিছিল শুরু করেন। তারা আদালত চত্বরে বিভিন্ন স্লোগান দিতে থাকেন ‘সভাপতি মুক্তি দিয়ে দাও, দিতে হবে’, ‘অবৈধ গ্রেফতার, মানি না মানব না’, ‘জিয়ার সৈনিক, এক হও লড়াই কর’–ইত্যাদি স্লোগান দেন।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































